স্মিথের পর মার্শকেও পাকিস্তানের বিপক্ষে না পাওয়ার শঙ্কায় অজিরা

স্পোর্টস ডেস্ক

বাঁ হাতের কনুইয়ের পুরনো চোটে অস্বস্তি অনুভব করায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া পাচ্ছে না স্টিভেন স্মিথকে। সেই ধাক্কা সামলে না উঠতেই আরও একটি দুঃসংবাদের মুখোমুখি হওয়ার সামনে রয়েছে তারা। চোটের কারণে পাকিস্তান সফরে সাদা বলের দুই সংস্করণ থেকে ছিটকে যাওয়ার জোর শঙ্কায় পড়েছেন মিচেল মার্শ।

সোমবার ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, অনুশীলন চলাকালে পায়ের পেশিতে চোট পেয়েছেন তারকা পেস অলরাউন্ডার মার্শ। তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন উদীয়মান তারকা ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ গণমাধ্যমকে মার্শের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন, 'সে তার কোমরের নিচের অংশের পেশিতে আঘাত পেয়েছে। আমাদের ধারণা, অনুশীলনের সময় এটা ঘটেছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতে হবে। তবে গতকাল (রোববার) তার যেমন অনুভূতি হচ্ছিল, সেটার ওপর ভিত্তি করে আমার মনে হয় না যে এই সিরিজে তাকে পাওয়া যাবে।'

২০১১ সালে রঙিন পোশাকে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৩ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মার্শ। গত বছর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পথে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে তিনি জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার।

২২ বছর বয়সী পেস অলরাউন্ডার গ্রিনের টি-টোয়েন্টি অভিষেক হয়নি এখনও। ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি তিনি খেলেছিলেন ২০২০ সালে। ঘরের মাঠ ক্যানবেরায় অনুষ্ঠিত ওই ম্যাচে অজিদের প্রতিপক্ষ ছিল ভারত।

আগামীকাল মঙ্গলবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ৩১ মার্চ দ্বিতীয় ও ২ এপ্রিল শেষ ম্যাচ হবে একই ভেন্যুতে। এরপর ৫ এপ্রিল লাহোরেই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

উল্লেখ্য, আইপিএল, বিশ্রাম ও চোট মিলিয়ে পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়ার শক্তি বেশ কমেছে। পেস আক্রমণের তিন সেরা অস্ত্র প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড আগে থেকেই ছিলেন না স্কোয়াডে। গত সপ্তাহে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান কেইন রিচার্ডসন। এরপর স্মিথকে হারায় অজিরা। এবার মার্শকে ঘিরেও জমা হয়েছে শঙ্কার ঘন কাল মেঘ।