‘হুমকি’ দেওয়া সাংবাদিকের নাম প্রকাশ করবেন না ঋদ্ধিমান

স্পোর্টস ডেস্ক

ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এক সাংবাদিকের সঙ্গে তিক্ততায় জড়িয়ে আলোচনায় আসেন ঋদ্ধিমান সাহা। বাদ পড়া নিয়ে সাক্ষাতকার দিতে অনাগ্রহ প্রকাশ করায় ওই সাংবাদিক ঋদ্ধিমানকে 'দেখে নেওয়ার' কথা লিখেছিলেন। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসলেও এই উইকেটকিপার জানাচ্ছেন, কোন অবস্থাতেই ওই সাংবাদিকের পরিচয় প্রকাশ করবেন না তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েন পশ্চিমবঙ্গের ক্রিকেটার ঋদ্ধিমান। এরপর তার সাক্ষাতকার নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এক সিনিয়র সাংবাদিক। তাতে ঋদ্ধিমান আগ্রহী না হলে তার সঙ্গে কড়া ভাষায় বার্তা দিতে দেখা যায় ওই সাংবাদিককে।

নাম গোপন করে হোয়াটসঅ্যাপের আলোচনা টুইটারে পোস্ট করে ঋদ্ধিমান লিখেছিলেন, 'ভারতীয় ক্রিকেটে এত অবদান রাখার পর 'সম্মানিত' সাংবাদিকের কাছ থেকে এটা পেলাম। সাংবাদিকতা যেখানে যাচ্ছে।'

ঘটনাতে বেশ সাড়া ফেলে ভারতীয় ক্রিকেটে। নজর আসে বিসিসিআইরও। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানান, সাংবাদিকের পরিচয় জানতে ঋদ্ধিমানের সঙ্গে যোগাযোগ করবেন তারা , 'ঋদ্ধিমানকে আমরা তার টুইটের ব্যাপারে জিজ্ঞেস করব। ঘটনা জানতে চাইব। আসলেই তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা কিংবা এর পেছনের কারণ কি। বোর্ড সচিব জয় শাহ ঋদ্ধির সঙ্গে কথা বলবেন।'

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ঋদ্ধিমান জানান, বিসিসিআই জোরাজুরি করলেও নাম প্রকাশ করবেন না তিনি, কারণ কারো ক্ষতি করা তার পারিবারিক শিক্ষার সঙ্গে যায় না,  'বিসিসিআই আমার সঙ্গে এখনো যোগাযোগ করেনি। তারা যদি আমাকে নাম জিজ্ঞেস করে তাহলেও আমি তা প্রকাশ করব না। কারণ কারো ক্যারিয়ারের ক্ষতি করার ইচ্ছে আমার নেই। কাউকে নিচে নামাতেও চাই না। এই কারণে টুইটে নাম দেইনি। আমার বাবা-মা আমাকে এই শিক্ষা দেননি। আমি এটাই জানাতে চেয়েছি যে মিডিয়াতে এমন একজন আছে যে খেলোয়াড়দের ইচ্ছাকে অসম্মান করে।'

দলে জায়গা হারানোর পর টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে অবশ্য বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই উইকেট-কিপার ব্যাটসম্যান। তিনি জানান, কোচ রাহুল দ্রাবিড় তাকে অবসর নিতে বলেছেন। টিম ম্যানেজমেন্ট আর তাকে বিবেচনা না করার কথা জানিয়ে দিয়েছে। বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে ঋদ্ধি জানান, গত নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু ফিফটি করার পর গাঙ্গুলি তাকে ক্যারিয়ার নিয়ে আশ্বাস দিয়েছিলেন। যা পরে আর রাখা হয়নি।