হেলমেটে বলের আঘাতে হাসপাতালে উইন্ডিজের অভিষিক্ত ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ ঘিরে খেলোয়াড়দের থাকে নানা স্বপ্ন। কীভাবে আপন আলোয় ম্যাচটা রাঙাবেন, কীভাবে জানান দেবেন নিজের আবির্ভাবের! কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার জেরেমি সোলোজানোর শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নের শটে হেলমেটে বলের আঘাত পেলেন তিনি। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে নেওয়া হলো হাসপাতালে।
রোববার গলে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও উইন্ডিজ। ম্যাচের প্রথম সেশনের শেষদিকে ঘটে ২৬ বছর বয়সী সোলোজানোর মাথায় আঘাত পাওয়ার ঘটনা।
Get Well soon Jeremy Solozano #SLvWI #SLvsWI #WIvSL pic.twitter.com/k5w2Zn7EFa
— CRICKET VIDEOS (@AbdullahNeaz) November 21, 2021
লঙ্কানদের প্রথম ইনিংসের ২৪তম ওভারের খেলা চলছিল তখন। স্পিন অলরাউন্ডার রোস্টন চেজের চতুর্থ ডেলিভারিটি পুল করেন বাঁহাতি করুনারত্নে। বল সজোরে গিয়ে আঘাত করে শট লেগে থাকা সোলোজানোর হেলমেটের সামনের অংশে। ঘুরে দাঁড়ানোর ন্যূনতম সময়টুকুও পাননি তিনি। মুহূর্তেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মেডিকেল স্টাফরা তৎক্ষণাৎ ছুটে আসেন। দুই দলের খেলোয়াড়রা সোলোজানোর চারিদিকে জড়ো হয়ে দাঁড়ান। কিন্তু তিনি সেভাবেই শুয়ে থাকায় ভীতি ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে কিছুটা স্বস্তি পান মাঠে উপস্থিত সবাই।
স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় সোলোজানোকে। সেসময় তার মাথা তোয়ালে দিয়ে ঢাকা ছিল। তবে সেটা তীব্র গরমের জন্যও হতে পারে। মাঠ ছাড়ার আগে অল্পস্বল্প কথা বলতেও দেখা যায় তাকে। এরপর সোলোজানোকে অ্যাম্বুলেন্সে করে কলম্বোর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গল স্টেডিয়াম থেকে ওই হাসপাতালের দূরত্ব প্রায় এক ঘণ্টার পথ।
ক্রিকেট উইন্ডিজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে, হাসপাতালে নেওয়া সোলোজানোর স্ক্যান করা হবে। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেছে তারা।
৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন সোলোজানো। ২৩.৪১ গড়ে তার রান ১৬৮৬। আটটি হাফসেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। এছাড়া, দশটি লিস্ট 'এ' ম্যাচে ৩৯ গড়ে ৩১২ রান করেছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে জন্ম নেওয়া ক্রিকেটার।