১৩ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে লেগস্পিনার
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার চিরবিদায় নেওয়ার ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। তার মৃত্যুর এক সপ্তাহ পার হতেই অস্ট্রেলিয়ার টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন এক লেগস্পিনার। করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হচ্ছে মিচেল সোয়েপসনের।
ওয়ার্ন অবসর নেওয়ার পর ২০০৯ সালে একমাত্র বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন ব্রাইস ম্যাকগেইন। এরপর দ্বিতীয় খেলোয়াড় অভিষেক হচ্ছে সোয়েপসনের। সবমিলিয়ে ১৩ বছর পর টেস্ট একাদশে লেগস্পিনার অন্তর্ভুক্ত করেছে অজিরা।
অবশ্য রাওয়ালপিন্ডি টেস্টে একজন বাড়তি স্পিনারের অভাবটা ভালোভাবেই টের পেয়েছিল অস্ট্রেলিয়া। মরা উইকেটে সাবলীলভাবেই খেলেছেন পাকিস্তানি ব্যাটাররা। সে কারণেই করাচি টেস্টে সোয়েপসনকে সুযোগ দিয়েছে দলটি। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দ্বিতীয় টেস্টের একদশ ঘোষণা করেন অধিনায়ক প্যাট কামিন্স।
এর আগে বেশ কয়েকবারই টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন সোয়েপসন। কিন্তু একাদশে সুযোগ মিলছিল না। অবশেষে প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে তার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ সিরিজে অস্ট্রেলিয়ার ৪৬৪তম খেলোয়াড় হিসেবে ব্যাগি গ্রিন ক্যাপ পেতে চলেছেন এই অজি লেগ স্পিনার।
রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ থেকে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন এই একটিই। সোয়েপসনকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার জশ হেজলউড।
টেস্টের অভিজাত ক্লাবে নাম লেখাতে পারে স্বাভাবিকভাবেই দারুণ খুশি সোয়েপসন। সংবাদ সম্মেলনে অধিনায়ক কামিন্স বলেন, 'সে খুব খুশি। সত্যি বলতে আমরা সবাই সোয়েপ্পোর জন্য খুব খুশি। কয়েক বছর ধরে সে পানি টানছে। এবার সে পুরোপুরি প্রস্তুত। তাকে সুযোগ পেতে দেখে আমরা সত্যিই রোমাঞ্চিত।'
করাচির উইকেট স্পিনার সহায়তা করবে বলেই মনে করছেন অজি অধিনায়ক, 'এখানে (করাচি) উইকেট কিছুটা শুষ্ক এবং ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য কিছুটা সহায়ক।'
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলা সোয়েপসন ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৪.৫৫ গড়ে উইকেট নিয়েছেন ১৫৪টি। ইনিংসে পাঁচ উইকেট আছে চারবার, ম্যাচে ১০ উইকেট একবার।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন ও মিচেল সোয়েপসন।