১৪৮ রানে অলআউট পাকিস্তান
টানা দুই দিনেরও বেশি সময় বোলিং করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারেনি পাকিস্তান। শেষে ইনিংস ঘোষণা করে অজিরা। সেখানে পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন উইকেটের চরিত্র গেল পাল্টে। ব্যাটিং ধসে কোনোমতে দেড়শ ছুঁইছুঁই রান করতে পারলো দলটি। ফলে বিশাল লিডে তৃতীয় দিন শেষেই পরাজয়ের শঙ্কায় স্বাগতিকরা।
সোমবার করাচি টেস্টের তৃতীয় দিন শেষে ৪৮৯ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় ইনিংসে এদিন ১ উইকেটে ৮১ রান করেছে সফরকারীরা। অন্যদিকে পাকিস্তানকে তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে দেয় দলটি।
অথচ আগের দুই দিনের খেলায় রাওয়ালপিন্ডি টেস্টের মতো করাচিতেও ম্যাড়মেড়ে ড্রই সম্ভাব্য ফলাফল হিসেবে ভেবে নিয়েছিল অনেকেই। করাচির পিচেও তেমন প্রাণ নেই। পাটা উইকেটে পাকিস্তানি ব্যাটাররাও আরামসে ব্যাটিং করবেন এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু মিচেল স্টার্কের নেতৃত্বে দলের সব বোলারই জ্বলে ওঠায় সব হিসেবনিকেশ যায় পাল্টে।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তেমন কোনো জুটিই করতে পারেনি পাকিস্তান। ইনিংসে সেরা জুটিটি আসে কি-না দশম উইকেট জুটিতে। ১০ ও ১১ নম্বর ব্যাটার নউমান আলী ও আফ্রিদির ব্যাটে আসে ৩০ রানের জুটি। এছাড়া ওপেনিং জুটিতে এসেছিল ২৬ রান।
পাকিস্তানের কোনো ব্যাটারই পারেননি দায়িত্ব নিতে। ওপেনার আবদুল্লাহ শফিক ১৩ রানে আউট হওয়ার পর গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ইমাম উল হক ও আজহার আলি ধীরে ধীরে এগোচ্ছিলেন। তবে দলীয় ৪৫ রানে ইমাম আউট হওয়ার পরেই নামে বিরাট ধ্বস। টানা দুই বলে আজহার আলি (১৪) ও ফাওয়াদ আলমকে (০) আউট করেন স্টার্ক। মোহাম্মদ রিজওয়ান (৬), ফাহিম আশরাফদের (৪) নিয়ে তৈরি মিডল অর্ডারও ব্যর্থ।
তবে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক বাবর আজম। এক প্রান্ত আগলে রেখে চেষ্টা চালিয়েছিলেন। তবে নবম উইকেট হিসেবে অজি লেগ স্পিনার সোয়েপসনের প্রথম আন্তর্জাতিক শিকার হলে শেষ হয়ে যায় পাকিস্তানিদের আশা।
দলের পক্ষে ৩৬ রানের ইনিংস খেলেন বাবর। এছাড়া ইমাম করেন ২০ রান। শেষ দিকে নউমান ২০ রান করে অপরাজিত থাকেন। আফ্রিদির ব্যাট থেকে আসে ১৯ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ২৯ রানের খরচায় ৩টি উইকেট পান স্টার্ক। ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সোয়েপসন।
প্রথম ইনিংস শেষে ৪০৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন। খাওয়াজা ৩৫ ও লাবুশেন ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে সকালে আগের দিনের ৭ উইকেটে ৫০৫ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিন আরও নয় ওভার ব্যাট করে দলটি। দুটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে তারা।
যদিও দিনের প্রথম ওভারেই আগের দিনের অপরাজিত ব্যাটার স্টার্ককে ফেরান শাহিন শাহ আফ্রিদি। কিন্তু এরপর নবম উইকেটে অভিষিক্ত মিচেল সোয়েপসনকে নিয়ে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েন অধিনায়ক প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। সঙ্গী সোয়েপসন ১৫ রানে অপরাজিত থাকেন। স্টার্ক করেন ২৮ রান।