১৮ মাস পর স্টোকসের সেঞ্চুরি, পাঁচশো ছাড়িয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

আগের দিনের সেঞ্চুরিটা দেড়শো ছাড়িয়ে নিলেন জো রুট। পাঁচে নামা বেন স্টোকস করলেন দারুণ এক সেঞ্চুরি। তাতে পাঁচশো ছাড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ব্রিজটাউনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৩৬ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। সফরকারীরা ৯ উইকেটে ৫০৭ রানে ইনিংস ছেড়ে দেওয়ার পর ১ উইকেটে ৭১ তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।

দিনের সবচেয়ে আলোচিত ছিল স্টোকসের সেঞ্চুরি ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে উইকেটশিকারে গ্যারি সোবার্সকে কেমার রোচের ছাড়িয়ে যাওয়া।

২০২০ সালের জুলাইয়ে ওল্ড ট্র্যার্ফোডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার পর ১৮ মাস পর আরেকটি শতক পেলেন স্টোকস। এই সময় অবশ্য ব্যক্তিগত জীবনে খারাপ সময় কাটে। বাবাকে হারান, চোটে পড়েন, ক্রিকেট থেকে চার মাসের বিরতি নেন। একাদশ সেঞ্চুরিতে সেসব কিছু পেছনে গেলে নতুন উদ্দীপনায় মাতলেন তিনি।

আগের দিনের  ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে দিন শুরু করা  ইংল্যান্ডকে চাপে ফেলার চেষ্টায় ছিলেন কেমার রোচ, জেসন হোল্ডাররা। তবে তাদের একটা সময় ছাপিয়ে নিজের ঘরানায় ব্যাট করে রান বাড়ান স্টোকস।

একদম ওয়ানডে মেজাজে এদিন লাঞ্চের আগেই ৯২ বলে ১১ চারে পৌঁছে যান ৮৯ রানে। আরেক প্রান্তে স্টোকসকে সঙ্গ দিয়ে রুট থামেন দেড়শো ছাড়িয়ে।

রুটকে এলবিডব্লিউ করেই সোর্বাসের ২৩৫ উইকেট ছাপিয়ে এক ধাপ উপরে উঠে যান ডানহাতি রোচ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারে তিনি আছেন সাত নম্বরে।

সেঞ্চুরিতে পৌঁছেই অবশ্য থামতে হয় স্টোকস। তার ১২৮ বলে ১২০ রানের ইনিংস থামে ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে। এরপর রান বাড়ান বেন ফোকস ও ক্রিস ওকস।

বিশাল রানের নিচে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলকে শুরুতেই হারায় স্বাগতিকরা। এরপর ব্র্যাথওয়েট ও শারমাহ ব্রোকস মিলে পার করে দেন দিন। ব্র্যাথওয়েট ২৮ ও ব্রোকস ৩১ রানে অপরাজিত আছেন।