২৪ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে ২৪ বছর। দীর্ঘ এই বিরতি শেষে ফের পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অজিরা। সফরে তারা তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে অংশ নেবে।

২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তান সফরের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘমেয়াদী উদ্বেগের মাঝে অজিদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশটির ক্রিকেটের জন্য সুসংবাদ। গত বছর নিরাপত্তা ঝুঁকিকে কারণ হিসেবে দেখিয়ে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

শঙ্কা এড়িয়ে সূচি চূড়ান্ত হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি বলেছেন, '২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এই সফরটি হবে। এটি একটি ঐতিহাসিক উপলক্ষ।'

আগামী ৪ মার্চ শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর মধুর স্মৃতি নিয়ে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটির ভেন্যু যথাক্রমে রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে রাওয়ালপিন্ডিতে। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি।

মাসব্যাপী এই সফর নিয়ে ভীষণ উচ্ছ্বসিত হকলি যোগ করেছেন, 'আমরা দুটি বিশ্বমানের দলের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সিরিজ দেখার অপেক্ষায় আছি।'

সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু
৪-৮ মার্চ প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি
১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্ট করাচি
২১-২৫ মার্চ তৃতীয় টেস্ট লাহোর
২৯ মার্চ প্রথম ওয়ানডে রাওয়ালপিন্ডি
৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে রাওয়ালপিন্ডি
২ এপ্রিল তৃতীয় ওয়ানডে রাওয়ালপিন্ডি
৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি রাওয়ালপিন্ডি