২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া
সবশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে প্রায় ২৪ বছর। ফের পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী মার্চেই পূর্ণ সিরিজ খেলতে দক্ষিণ এশিয়া দেশটিতে যাচ্ছে অজিরা। আলাদা আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর মাঝেও বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছে দল দুটি। তবে স্বাগতিক হিসেবে পাকিস্তান নিজ দেশে খেলা আয়োজন করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছিল তারা। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশ পাকিস্তানে সফর করে। সে ধারায় এবার যাচ্ছে অস্ট্রেলিয়াও। তবে কিছু দিন আগেই নিরাপত্তা জনিত ইস্যুতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড তাদের সফর স্থগিত করেছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও চলছিল। তবে এর মাঝেই নতুন সুসংবাদ পেল পাকিস্তান।
আগামী ৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৩ মার্চ থেকে সিরিজের প্রথম টেস্ট হবে করাচীতে, ১২ মার্চ থেকে দ্বিতীয়টি রাওয়ালপিণ্ডি এবং ২১ মার্চ থেকে তৃতীয় ও শেষ টেস্ট গড়াবে লাহোরে। পাশাপাশি সাদা বলের ম্যাচগুলোও হবে লাহোরে।
তবে এ সিরিজের আগে টিম অপারেশন্স, লজিস্টিক, নিরাপত্তা ও কোভিড-১৯ প্রোটোকল নিয়ে আলোচনার জন্য পিসিবি কর্মকর্তা এবং প্রাদেশিক ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পাকিস্তান সফর করবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিশ্চিত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত পিসিবি সভাপতি রমিজ রাজা, 'আমি ভীষণ আনন্দিত যে আমরা তিন টেস্ট ম্যাচের সিরিজে খেলব, সমর্থকরাও আনন্দিত। অস্ট্রেলিয়া উচ্চ-পারফরম্যান্স করা দলগুলোর মধ্যে একটি এবং তারা ২৪ বছর পর প্রথমবারের মতো আমাদের বাড়ির আঙিনায় খেলাতে আসবে যা আমাদের ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হবে।'
উল্লেখ্য, ১৯৯৮ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি হোম সিরিজ খেলেছে পাকিস্তান। যার সবগুলোই আয়োজন করা হয়েছে ঘরের বাইরে। সংযুক্ত আরব আমিরাতে অবশ্য তিনটি সম্পূর্ণভাবে হয়েছিল। প্রথমবার অজিদের কাছে হারলেও শেষ দুটি সিরিজ জিতেছে পাকিস্তান।