৪০০ অটোগ্রাফশিকারি অপেক্ষায় না থাকলে ক্রিকেট খেলা ব্যর্থ, বাবরকে রমিজ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ দায়িত্ব পেয়ে এরই মধ্যে নানা পরিবর্তন এনেছেন রমিজ রাজা। অধিনায়ক হিসেবে বাবর আজমের অবস্থান ও ভূমিকাকে অবশ্য এখনই মূল্যায়ন করতে চাইছেন না তিনি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কাছ থেকে ভালোভাবে পরখ করে নেওয়ার ইচ্ছা রমিজের। তবে বাবরের কাছে তার যে প্রত্যাশা অনেক, সেটা তাকে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়ে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রমিজ। তিন বছর এই পদে থাকবেন তিনি। রমিজ দায়িত্ব নেওয়ার আগেই পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস সরে দাঁড়ান।

চেয়ারম্যান হওয়ার পর লাহোরে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন রমিজ। সেখানে তিনি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডারকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ হিসেবে নিযুক্ত করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি কথা বলেছেন দলের নেতৃত্ব নিয়েও।

বাবরের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেননি পিসিবি প্রধান। তবে মূল্যায়নের আগে তার সম্পর্কে ভালোভাবে জানতে চাইছেন রমিজ, 'আমি এত তাড়াতাড়ি তাকে মূল্যায়ন করতে পারি না। তাকে আরও ভালোভাবে জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার জন্য একইরকম গুরুত্বপূর্ণ হলো (তার) ভূমিকাটা কী তা বোঝা। অধিনায়কের হিসেবে আপনি অনেক দাবি-দাওয়া রাখতে পারেন। কিছু (দাবি) আছে ভালো, আবার প্রয়োজনীয় অন্য দাবিগুলো (আদায় করতে) আপনাকে প্রভাব বিস্তারকারী হতে হবে।' 

নিজের প্রত্যাশার কথা জানিয়ে বাবরকে রমিজ বলেছেন, পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের মতো হতে হবে তাকে এবং ক্রিকেটার হিসেবে এমন পর্যায়ে পৌঁছাতে হবে যেন ভক্ত-সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে তার উপর, 'তার সঙ্গে দুটি সেশন করেছি আমি এবং তাকে বলেছি যে, তোমার জন্য যদি একাডেমির (অনুশীলন মাঠ) বাইরে ৪০০ অটোগ্রাফশিকারি না থাকে, তাহলে ক্রিকেট খেলার পুরো উদ্দেশ্যই ব্যর্থ। আমি তেমন নেতৃত্ব দেখতে চাই, নিজের সময়ে যেমন নেতৃত্বে খেলেছি। ইমরান খানের কাছে যতটা ছিল, বাবর আজমের কাছে আমার ততটাই প্রত্যাশা।'