সূর্যকুমারের ব্যাটে সিরিজে এগিয়ে গেল ভারত
প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে ফের হেরেছে তারা। কাইল মেয়ার্সের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছিল দলটি। তবে সাদামাটা বোলিংয়ে সে লক্ষ্য সহজেই পার করে ভারত। মূলত সূর্যকুমার যাদবের ব্যাটে জয় মিলে সফরকারীদের।
মঙ্গলবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় রোহিত শর্মার দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য দলীয় ১৯ রানেই বড় ধাক্কা খেয়েছিল ভারত। ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক রোহিত শর্মা। তবে সে ধাক্কা সামলে ওঠে আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে। শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৮৬ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন তিনি। আকিল হোসেনের বলে আইয়ার স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে ভাঙে এ জুটি।
এরপর রিশাভ পান্তের সঙ্গে আরও ৩০ রানের জুটি গড়ে আউট হন সূর্যকুমার। দ্রুত হার্দিক পান্ডিয়াকেও হারায় দলটি। তবে ততক্ষণে লক্ষ্যের খুব কাছে চলে আসায় কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের। বাকি কাজ দিপক হুদাকে নিয়ে সহজেই শেষ করেন পান্ত।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। ৪৪ বলের ইনিংসটি সাজাতে ৮টি চার ও ৪টি ছক্কা মেরেছেন এ ওপেনার। পান্তের ব্যাট থেকে আসে হার না মানা ৩৩ রান। ৬ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। আইয়ার করেন ২৪ রান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানদের শুরুটা ছিল বেশ ভালো। দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্স গড়েন ৫৭ রানের জুটি। এরপর পান্ডিয়ার বলে কিং বোল্ড হলে অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন মেয়ার্স। দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন এ দুই ব্যাটার।
তবে মেয়ার্স ছাড়া আর কোনো ব্যাটারই ইনিংস লম্বা করতে পারেননি। উইকেটে থিতু হওয়ার পরপরই আউট হলে বড় লক্ষ্য দ্বার করাতে পারেনি দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন মেয়ার্স। ৫০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। ভারতের পক্ষে ৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।