ইনজুরির গুরুতর নয়, পরের ম্যাচেই ফিরবেন রোহিত!

স্পোর্টস ডেস্ক

ব্যাটিং করার সময় ৫ বল খেলতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। তখন শঙ্কা ছিল সিরিজই না শেষ হয়ে যায় তার। তবে ইনজুরি খুব বেশি গুরুতর নয় বলে নিজেই জানিয়েছেন অধিনায়ক। পরের ম্যাচেই মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন হিটম্যান।

মঙ্গলবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় রোহিতের দল।

ক্যারিবিয়ানদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ভারতীয় অধিনায়ক। ৫ বল খেলে একটি করে চার ও ছক্কায় ১১ রান করেছিলেন তিনি। এরপরই রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। দলের রান তখন ১৯।

মূলত পিঠের পেশীতে টান লাগায় মাঠ ছাড়েন রোহিত। টান লাগার পরপরই ভারতের ফিজিও কমলেশ জৈন দৌড়ে মাঠে ঢুকেছেন। প্রাথমিক শুশ্রূষাও দিয়েছেন। তবে দীর্ঘ আলোচনার পর রোহিত পিঠ চেপে ধরে মাঠের বাইরে বের হয়ে আসেন দুইজন।

পরে রোহিত ইনজুরির খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় বিসিসিআই জানায়, 'টান লেগেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার পিঠে। তার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন বিসিসিআই মেডিকেল টিম।'

বিসিসিআইয়ের সংবাদে শঙ্কাটা আরও বাড়ে। তবে স্বস্তি দিয়েছেন অধিনায়ক নিজেই, 'এই মুহূর্তে, এই চোট আছে। আমাদের পরের ম্যাচের জন্য কয়েক দিন আছে। আশা করি চোট পুরো ঠিক হয়ে যাবে।'