ইংল্যান্ডের বিপক্ষে দুই ধাপে সিরিজ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১৭ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। তবে এ সিরিজটি দুই ধাপে খেলবে দলটি। অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রথম ধাপে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে যাবে ইংলিশরা। এরপর বিশ্বকাপ শেষে ডিসেম্বরে ফের এসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করে পাকিস্তান। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সিরিজের প্রথম চারটি ম্যাচ হবে করাচিতে। শেষ তিনটি ম্যাচ হবে লাহোরে। তবে টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেনি তারা।

এদিকে ডিসেম্বরে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডেরও। মূলত এ কারণেই এখনই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেনি দলটি। পরবর্তীতে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে তারা।

তবে ১৭ বছর পর নিজ দেশে ইংল্যান্ড সিরিজ নিশ্চিত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত পিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার জহির খান, 'করাচি এবং লাহোরে সাতটি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের আয়োজন নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একটি রোমাঞ্চকর বিনোদনমূলক আন্তর্জাতিক সিরিজ হবে বলেই আশা করছি। ইংল্যান্ড শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি দলগুলোর একটি। বিশ্বকাপের আগে প্রস্তুতিতেও সহায়তা করবে।'  

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর – প্রথম টি-টোয়েন্টি, করাচি

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি, করাচি

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি, করাচি

রোববার, ২৫ সেপ্টেম্বর – চতুর্থ টি-টোয়েন্টি, করাচি

বুধবার, ২৮ সেপ্টেম্বর – পঞ্চম টি-টোয়েন্টি, লাহোর

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর – ষষ্ঠ টি-টোয়েন্টি, লাহোর

রবিবার, ২ অক্টোবর – সপ্তম টি-টোয়েন্টি, লাহোর