চমক নেই তবু টি-টোয়েন্টি দলে অনেক অদল-বদল

স্টার অনলাইন রিপোর্টঁ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি দলে কোন চমক নেই। তবে সর্বশেষ টি-টোয়েন্টি দলের কথা মাথায় নিলে অদল-বদল হয়েছে বেশ কয়েকটি। শনিবার সাকিব আল হাসানের নেতৃত্বে ১৪ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে।

সংক্ষিপ্ততম সংস্করণ থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই নেই মাশরাফি মর্তুজা। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন মুমিনুল হক। দলে এসেছেন লিটন দাস, নাসির হোসেন, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা বিপক্ষে সর্বশেষ খেলা টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান,পেসার শুভাশিস রায় চৌধুরী ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। চোটে পড়ায় দলে নেই তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। চোখের ইনফেকশনের কারণে নেই মোসাদ্দেক হোসেন সৈকত।
২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে এই সংস্করনে অধিনায়কত্ব শুরু করবেন সাকিব আল হাসান। ২৯ অক্টোবর পচেফস্ট্রমে সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ  টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।