অদ্ভুত নিয়মে মুফতে ২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে বার্সেলোনা

By স্পোর্টস ডেস্ক

দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো। সেখানে দুই পাউন্ড তো কিছুই না। কিন্তু আর্থিক দুর্গতির এ সময়ে ক্লাবটি ভালো করেই জানে এই দুই মিলিয়ন ইউরোর মূল্যটা কতখানি। তাও যদি মিলে মুফতে?

গত মৌসুমে উলভারহ্যাম্পটনে ধারে ফ্রান্সিস্কো ত্রিনকাওকে পাঠিয়েছিল বার্সেলোনা। তখন চুক্তিতে তাকে কিনে নেওয়ার একটি অপশন রেখেছিল উলভসের। কিন্তু ত্রিনকাওয়ের পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় তাকে ধরে রাখছে না ক্লাবটি। এ কারণেই অর্থ পাচ্ছে বার্সেলোনা!

চুক্তিতে বার্সেলোনার একটি অদ্ভুত অপশন রেখেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদ অনুযায়ী, উলভস যদি তাকে কিনে না রাখে সেক্ষেত্রে বাড়তি পাঁচ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে ইংলিশ ক্লাবটিকে।

অন্যদিকে এই নিয়মের কারণে উলভস রাখে আরেকটি অদ্ভুত নিয়ম। ধারের খেলোয়াড়ের জন্য পরবর্তী বিক্রিতে ২০ শতাংশ দাবি করে তারা। যা মেনে নেয় বার্সেলোনা।

জুনেই উলভসের সঙ্গে ধারের মেয়াদ ফুরিয়েছে ত্রিনকাওয়ের। ফিরেছেন বার্সেলোনায়। বিভিন্ন সংবাদ অনুযায়ী, ত্রিনকাওকে ১৫.৫ মিলিয়ন পাউন্ডে স্পোর্টিং লিসবনের কাছে বিক্রি করছে বার্সা। অর্থাৎ সেক্ষেত্রে উলভসও পাবে তিন মিলিয়ন পাউন্ড।

তবে সবমিলিয়ে বার্সেলোনার লাভ দুই মিলিয়ন পাউন্ড। যা দুর্দিনে বড় কাজে দিবে ক্লাবটির। 

উলভসের হয়ে গত মৌসুমে অনেকটা নিয়মিতই খেলেছেন ত্রিনকাও। ৩০ ম্যাচে করেছেন তিনটি গোল। মাত্র ২২ বছর বয়সেই পর্তুগাল, স্পেন ও ইংল্যান্ডের মতো দেশের লিগে ১৬৫টি ক্লাব ম্যাচ খেলেছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে ততোটা নিয়মিত নন তিনি। ২০১৬ সালে পেশাদার লিগে অভিষেকের পর করেছেন ২১টি গোল।