অবসর নিতে হতে পারে আগুয়েরোকে!
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তিন মাসের মতো সময় বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবেন বার্সেলোনার সের্জিও আগুয়েরো। কিন্তু সমস্যা তারচেয়েও গুরুতর বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও কাতালুনিয়া। যে কারণে ফুটবল থেকে অবসরই নিতে হতে পারে এ আর্জেন্টাইন তারকাকে।
মূলত হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে আগুয়েরোর। অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন তিনি। আর এ সমস্যা সেরে ওঠার মতো নয় বলে জানিয়েছে রেডিও কাতালুনিয়া। সব শেষ পরীক্ষায় জানা যায় অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। ফলে পেশাদার ফুটবল চালিয়ে যাওয়া অসম্ভব বলেই মনে করছেন চিকিৎসকরা।
এরমধ্যেই অবশ্য তার বর্তমান পরিস্থিতির বিষয়টি জানানো হয়েছে আগুয়েরোকে। তাতে বেশ হতাশ হয়ে পড়েছেন এ আর্জেন্টাইন। চলতি মৌসুমের শুরুতে বড় আশা নিয়ে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি।
গত ৩০ অক্টোবর রাতে ন্যু ক্যাম্পে দিপার্তিভো আলাভেজের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটের মতো খেলতে পারেন আগুয়েরো। এরপর বুকে ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন তিনি। প্রাথমিক শুশ্রূষা শেষে সেখান থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে জানা যায় অ্যারিথমিয়া ভুগছেন তিনি।
অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই অ্যারিথমিয়ায় ভুগছিলেন আগুয়েরো। যার জন্য অস্ত্রোপচারও করা হয়েছিল তার। কিন্তু মাঠে ধারাবাহিকভাবে খেলে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দেন এ আর্জেন্টাইন। বার্সার নারী ফুটবলার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনও সম্প্রতি অ্যারিথমিয়ায় ভুগছেন। কিন্তু আগুয়েরোর রোগটি কিছুটা ভিন্ন। আরও বেশ জটিল।
কাতালুনিয়া রেডিও আরও জানিয়েছে, এ সব কিছু সত্ত্বেও, এখনই নেতিবাচক কিছু ভাবছেন না চিকিৎসকরা। এটা নিয়ন্ত্রণের সর্বাত্মক করা হচ্ছে। আগামী মাসে ফের আরও অনুরণন, স্ট্রেস পরীক্ষা শেষে বিষয়টির চূড়ান্ত মূল্যায়ন করা হবে। তবে ফুটবলে ফিরে আসা সম্ভব নয় বলেই ধারণা করছেন তারা।