অলস বলায় পাল্টা আঘাত কৌতিনহোর
বার্সেলোনায় যাওয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না ফিলিপ কৌতিনহোর। তবে সেরা ছন্দে ফিরতে চেষ্টার ত্রুটি করছেন না তিনি। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তাকে অলস বলে সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম। আর গণমাধ্যমের এমন মন্তব্যে বেশ অবাক হয়েছেন এ ব্রাজিলিয়ান। পাল্টা জবাবও দিয়েছেন তিনি।
সেল্তা ভিগোর বিপক্ষে তিন গোলে এগিয়ে থেকেও ড্র করার ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামেননি কৌতিনহো। অথচ প্রথমার্ধে যখন আনসু ফাতি চোট পান তখন থেকেই অনুশীলন করতে দেখা যায় তাকে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ফাতির জায়গায় মাঠে নামেন আলেহান্দ্রো ব্লেড। এ কারণেই কৌতিনহোকে নিয়ে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরে সাংবাদিকদের বলেছিলেন যে, তাকে অলস বলায় বেশ হতবাক হয়েছিলেন কৌতিনহো। পাশাপাশি জোর দিয়ে দাবি করেছেন, তাকে নিয়ে মন্তব্যের কোনটিই সত্য নয়, 'আমি বাড়িতে পৌঁছে একটু অবাক হয়েছিলাম এবং দেখেছিলাম যে, মিডিয়ায় আমাকে একজন অলস খেলোয়াড় বলা হচ্ছে। আমার পুরো ক্যারিয়ারে আমি সবসময়ই পেশাদার ছিলাম।'
নিজের ক্যারিয়ারে কখনোই কাউকে অসম্মান করেননি বলেও জানান এ ব্রাজিলিয়ান, 'আমার কখনই পেশাদারিত্বের অভাব ছিল না - আমি যে সমস্ত ক্লাবে খেলেছি আপনি সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন। আমি সবসময় প্রত্যেককে, আমার সতীর্থদের, স্টাফদের, আমি যাদের সাথে কাজ করেছি তাদের সকলকে সম্মান করেছি।'
ইনজুরি থেকে ফিরে মাঠে নামলেও সেরা ছন্দে ফেরার জন্য এখনও পর্যাপ্ত ম্যাচ খেলতে পারেননি বলেই দাবি করেন তিনি, 'ইনজুরি থেকে ফিরে আসার পর আমি ম্যাচ ফিট হওয়ার জন্য, আমার সেরা স্তরে পৌঁছতে চার বা পাঁচটি ম্যাচের শুরুতে ছিলাম।'
অবশ্য সাংবাদিকদের এমন মন্তব্যে অবাক হলেও বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন কৌতিনহো, 'আমি স্বীকার করছি যে, আমি এটা দেখে কিছুটা অবাক হয়েছিলাম। তবে এটা ঠিক, আমি আপনাদের সকল সাংবাদিকদের মতামতকে সম্মান করি।'