অ্যাতলেতিকোও 'না' বলছে রোনালদোকে!

By স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে পাওয়ার চেষ্টায় গত কয়েকদিন বেশ দৌড়ঝাঁপ করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এ পর্তুগিজ তারকাকে দলে টানতে কিছু খেলোয়াড় বিক্রির চেষ্টাতেও ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই হয়তো বৃথা যেতে যাচ্ছে ক্লাবটির। ফলে মাদ্রিদে ফেরার ইচ্ছা পূরণ হচ্ছে না পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার।

সম্প্রতি ক্লাবটির প্রেসিডেন্ট এনরিক সেরেজো কথা বলেছেন স্থানীয় গণমাধ্যমে। তিনি অবশ্য রোনালদোকে দলে টানার বিষয়টিকেই গুজব বলে উড়িয়ে দেন, 'আমি জানি না কারা ক্রিস্তিয়ানোর গল্পটি তৈরি করছে, তবে তার পক্ষে এখানে আসা কার্যত অসম্ভব।'

রোনালদোর সঙ্গে অ্যাতলেতিকোতে আসার খবর মোটেও পছন্দ হয়নি ক্লাবটির ভক্ত-সমর্থকদের অনেকের। তাকে দলে টানার সম্ভাবনার তীব্র বিরোধিতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রচারণাও চালিয়েছেন তারা।

তবে মূলত আর্থিক ঘাটতির কারণেই রোনালদোকে দলে টানতে পারছে না অ্যাতলেতিকো। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এ নিয়ে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিসের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে অ্যাতলেতিকো কর্মকর্তাদের সঙ্গে। দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে।

অ্যাতলেতিকোয় যোগ দিতে নিজের বেতন কমাতেও রাজী ছিলেন রোনালদো। ৩০ শতাংশ বেতন কমাতে চেয়েছেন তিনি। কিন্তু তারপরও লা লিগার কাঠামো অনুযায়ী, বড় ঘাটতিতে পড়তে হয় অ্যাতলেতিকোকে। যে কারণে আতোঁয়ান গ্রিজমানসহ কিছু খেলোয়াড় বিক্রি করে দিতে চেয়েছিল ক্লাবটি।

এদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগের দিন ম্যানচেস্টারে ফিরেছেন রোনালদো। সে আলোচনায় ছিলেন তার এজেন্ট হোর্হে মেন্ডিস ও কোচ এরিক টেন হাগের সঙ্গে ছিলেন আলেক্স ফার্গুসনও। ক্যারিংটনের অনুশীলন মাঠে হয় তাদের আলোচনা। তবে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, আলোচনায় সন্তুষ্ট হতে পারেননি রোনালদো।

এর আগে ফরাসি ক্লাব পিএসজিকেও রোনালদোকে কেনার প্রস্তাব দিয়েছেন তার এজেন্ট মেন্ডিস। কিন্তু ক্লাবটি না বলে দিয়েছে। একই প্রস্তাব দিয়েছিলেন ক্লাব বায়ার্ন মিউনিখকেও। কিন্তু রোনালদোর দর্শন ক্লাবটির আদর্শের সঙ্গে যায় না বলে নাকচ করে দিয়েছে জার্মান ক্লাবটিও।