আগুয়েরোর সঙ্গে হালান্ডের মিল পাচ্ছেন ফোডেন

By স্পোর্টস ডেস্ক

ইংলিশ ফুটবলের ম্যানচেস্টার সিটির পুনর্জন্মের অন্যতম নায়ক সের্জিও আগুয়েরো। ক্লাবটিতে যোগ দিয়ে প্রথমবারই এনে দেন লিগ শিরোপা। এরপর ক্লাবের একের পর এক জয়ের মূল কারিগর এ আর্জেন্টাইন। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সেই খেলোয়াড়ের সঙ্গে নতুন স্বাক্ষর করা আর্লিং হালান্ডের মিল খুঁজে পাচ্ছেন দলের তারকা ফুটবলার ফিল ফোডেন।

চলতি মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন হালান্ড। যদিও তার উত্থানটা সলজবার্গে থাকতেই। চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক গোল করে নজর কাড়েন। গত কয়েক মৌসুম ধরে নিজেকে গোল মেশিন হিসেবেই পরিণত করেন এ ফরোয়ার্ড। সেই খেলোয়াড়কে মাত্র ১ মিলিয়ন পাউন্ডে সময়ের অন্যতম সেরা এ খেলোয়াড়কে কিনে আনে দলটি।

হালান্ডের এমন রূপে ক্লাবটির সাবেক তারকা আগুয়েরোর সঙ্গে মিল পান ফোডেন, 'গোলের সামনে সে (হালান্ড) ভীতিকর। আগুয়েরো অনেকটা একই রকম ছিল। ফিনিশ করার জন্য হালান্ডের ধরণটা ভিন্ন। যেমনটা আমি বলেছিলাম, সে গোলের সামনে ভীতিকর এবং আমরা যদি তাকে সঠিক জায়গায় বল দিতে পারি সে এই বছর আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ হতে চলেছে।'

তবে এর আগে খুব একটা প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলেননি হালান্ড। ব্রেইন ও মোলডের হয়ে নরওয়ের লিগে খেলার পর সলজবার্গের হয়ে অস্ট্রিয়ান লিগে খেলেন। ২০২০ সালে যোগ দেন জার্মান ক্লাব ডর্টমুন্ডে। সেখানে আড়াই বছর কাটানোর পর এবারই যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব সিটিতে।

তবে তুলনামূলক গতিশীল লিগে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগতে পারে বলে মনে করেন ফোডেন, 'সবাই তার গোলের রেকর্ড সম্পর্কে জানে, সে কতো স্কোর করেছে, কিন্তু সে সম্পূর্ণ ভিন্ন লিগে এসেছে, এখানে অনেক দ্রুত ফুটবল খেলা হয় তাই অভ্যস্ত হতে তার একটু সময় লাগতে পারে। কিন্তু আমি নিশ্চিত যখন সে তার ছন্দে থাকবে তাকে থামানো অপ্রতিরোধ্য হতে পারে।'

সবমিলিয়ে দলের জন্য দারুণ সহযোজন বলে মনে করেন এ তরুণ, 'মাঠে বাইরেও সে দারুণ ব্যক্তি, দারুণ এক চরিত্র, দলের জন্য একটি দুর্দান্ত সহযোজন সে সবাইকে হাসায় এবং তিনি অত্যন্ত নম্র, আপনি যখন একটি দলে আসেন তখন এটা গুরুত্বপূর্ণ। সে আমাদের সঙ্গে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ক্ষুধার্ত, তাই এর অর্থ কেবল ভাল জিনিস হতে পারে।'

তবে প্রাক-মৌসুমের ম্যাচে এরমধ্যেই গোল পেয়েছেন হালান্ড। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলের জয়সূচক গোলটিই আসে তার কাছ থেকে।