আবারও গার্দিওলাকে এক হাত নিলেন ইব্রাহিমোভিচ
প্রায়ই প্রকাশ্যে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সমালোচনা করতে দেখা যায় জ্লাতান ইব্রাহিমোভিচকে। বলা চলে, সুইডিশ এই তারকা স্ট্রাইকারের অপছন্দের লোকদের তালিকার শুরুর দিকে অবস্থান গার্দিওলার। সবশেষ প্রকাশিত আত্মজীবনীতেও ইব্রা তির্যক বাক্যবাণে বিদ্ধ করেছেন সাবেক গুরুকে। তিনি বলেছেন, গার্দিওলা তাদেরকেই পছন্দ করেন, যারা কখনও পাল্টা জবাব না দিয়ে তার কথা মেনে চলে।
বয়স ৪০ পেরিয়ে গেলেও এখনও ফুটবল মাঠে সরব উপস্থিতি ইব্রাহিমোভিচের। ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের সঙ্গে কিছুদিন আগে চুক্তি নবায়ন করেছেন তিনি। অর্থাৎ আগামী ২০২২-২৩ মৌসুমেও তাকে দেখা যাবে সান সিরোর দলটিতে। সম্প্রতি 'অ্যাড্রেনালিন: মাই আনটোল্ড স্টোরিস' নামের একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছে তার। সেখানে ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার পাশাপাশি ইন্টার মিলানের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু ও ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন তিনি।
নানা চমকপ্রদ ও বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই আলোচনার শিরোনাম হয়ে ওঠেন ইব্রা। এবার গার্দিওলাকে নিয়ে নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, 'আপনাদের "দার্শনিক" সাহেব কেমন খেলোয়াড় পছন্দ করে জানেন? যারা কখনও তার মুখের উপর কথা না বলে তাকে মান্য করে।'
গার্দিওলাকে ইব্রাহিমোভিচ দার্শনিক বললেও সেখানে যে কটাক্ষের সুর স্পষ্ট তা আর আলাদা করে না বললেও চলে। দুই বছর আগে ইতালিয়ান গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তের কাছে তিনি বলেছিলেন, তার ভয়ে সবসময় পালিয়ে বেড়াতেন গার্দিওলা, 'আমাদের যখন দেখা হতো, তখন তিনি আমার কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করতেন। ম্যাচ শেষে আমি যখন সাজঘরে যেতাম, তখন আমার চলে যাওয়ার জন্য গার্দিওলা অন্য রুমে অপেক্ষা করতেন।'
২০০৯-১০ মৌসুমে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার হয়ে খেলেছিলেন ইব্রা। সেসময় কাতালানদের কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। তখন থেকেই দুজনের মধ্যে দ্বন্দ্ব। এরপর প্রায়ই গার্দিওলার খেলোয়াড় সামলানোর কৌশল নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন ইব্রাহিমোভিচ। এবার আত্মজীবনীতেও একই প্রসঙ্গে প্রশ্ন তুলে নিজেদের বিরোধকে আরও চরমে নিয়ে গেলেন তিনি।