আব্রামোভিচকে ছাড়া চেলসিকে কল্পনাই করতে পারছেন না টুখেল

স্পোর্টস ডেস্ক

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচের ঠিক আগেই আসে খবরটা। চেলসির মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। স্বাভাবিকভাবেই বড় ধাক্কা ক্লাবটির জন্য। আব্রামোভিচকে ছাড়া চেলসিকে কল্পনাই করতে পারছেন না ক্লাবের প্রধান কোচ টমাস টুখেল।

লুটনের বিপক্ষে মাঠে নামার আগে এমন সংবাদের জন্য মোটেও প্রস্তুত ছিলনা চেলসি। ম্যাচে তার প্রভাবও পড়ে স্পষ্ট। শুরুতে পিছিয়ে পড়ে দলটি। যদিও দুই দফা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়ে। ৩-২ গোলের জয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ব্লুজরা। কিন্তু তারপরও হতাশাগ্রস্ত ক্লাবটি।

চেলসির সঙ্গে ১৯ বছরের নিবিড় সম্পর্ক আব্রামোভিচের। এতো বছর পর সেই সম্পর্ক শেষ হবার দ্বারপ্রান্তে হতাশ কোচ টুখেলও। ২০২১ সালের জানুয়ারিতে তাকে চেলসির কোচ হিসেবে নিয়োগ দেন আব্রামোভিচই। তার অধীনে প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা পেয়েছে চেলসি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ শিরোপাও উঁচিয়ে ধরে তারা।

স্বাভাবিকভাবেই চেলসিতে আসার পর আব্রামোভিচের বড় ভক্ত হয়ে উঠেছেন টুখেল। তবে ইউক্রেন ইস্যুতে স্ট্যামফোর্ড ব্রীজে আব্রামোভিচ যুগের অবসানের সঙ্গে চেলসিতে তার অর্জিত কৃতিত্বও ম্লান হয়ে যাবার আশঙ্কা করছেন অনেকেই। আব্রামোভিচের সময়ে পাঁচটি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ১৯টি বড় শিরোপা ঘরে তুলেছে ব্লুজরা।

মূলত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্রামোভিচের সম্পর্ক ভালো থাকার কারণে চাপে আছেন আব্রামোভিচ। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। যে কারণে চেলসি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন এ রুশ ব্যবসায়ী। ক্লাবটির জন্য দাম হেঁকেছেন ৪০০ কোটি ডলার।

আগের দিন ম্যাচ শেষে চেলসি বস বলেছেন, 'এ বিষয়ে এখনো কথা বলার সময় আসেনি। শুধু এটুকুই বলতে চাই আব্রামোভিচকে ছাড়া আমি চেলসিকে কল্পনাই করতে পারছিনা। এটাই আমার কাছে সত্যিই কঠিন একটি বিষয়। এখনো চূড়ান্ত কিছু হয়নি, এটাকে থামানো যেতে পারে। তবে শেষ পর্যন্ত যদি হয়েই যায় তবে এটা অনেক বড় একটি পরিবর্তন হয়ে যাবে।'

এমন কিছু হলে তার প্রভাব দলে পড়তে পারে বলেও মনে করেন এ কোচ, 'হতে পারে বেশ কয়েকজন খেলোয়াড় এতে খুব বেশী প্রভাবিত হবে, কেউ হয়তো হবে না। কিন্তু দিন শেষে আমাদের সবকিছু মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা জানি জয়ের জন্য আমাদের কি কি করতে হবে।'

বর্তমানে ক্লাবের ভালোমন্দ নিয়ে চেলসির টেকনিক্যাল পরামর্শদাতা পিওতর চেক ও অন্যতম পরিচালক মারিনা গ্রানোভস্কাইয়ার সঙ্গে আলোচনা করেন টুখেল। তবে মালিকানা পরিবর্তন হলে বিষয়গুলো বদলে যাওয়াই স্বাভাবিক, 'আমার এ নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি এ বিষয়ে খুব বেশি কিছু জানিও না। আমি তো আর প্রধান নির্বাহী বা বোর্ডের সদস্য নই। আমি নিশ্চিত, ক্লাব আমাদের আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলবে।'

এর আগে গত শনিবার চেলসির 'অভিভাবকত্ব' চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। তাতে অবশ্য সমস্যা আসলে কমেনি। জানা গেছে, ক্লাবটির দায়িত্ব নিতে রাজী নয় চেলসি চ্যারিটেবল ফাউন্ডেশন।