আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো: রাফিনহা

By স্পোর্টস ডেস্ক

ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে অভিষেকটা দারুণ হয়েছে রাফিনহার। এক অর্ধ খেলেই একটি গোল, পাশাপাশি দুটি অ্যাসিস্ট। তাতে প্রাক-মৌসুমের ম্যাচে ইন্টার মিয়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এ ধারা বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেই গোল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। কারণ রিয়ালের চেয়ে নিজেদের দলকেই বেশি শক্তিশালী বলে মনে করেন এ ব্রাজিলিয়ান।

মঙ্গলবার রাতে ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রাফিনহা ছাড়াও দলের হয়ে গোল পেয়েছেন পিয়েরে-এমরিক অবামেয়াং, আনসু ফাতি, পাবলো গাভিরা, মেমফিস ডিপাই ও উসমান দেম্বেলে।

আগামী শনিবারই (২৩ জুলাই) লাস ভেগাসে রিয়ালের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। প্রাক-মৌসুমের এ প্রীতি ম্যাচে মাঠে নামার আগে নিজেদের দলকেই সেরা বলে জানালেন রাফিনহা, 'একজন সবসময়ই যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে চায়। যদি এটা ডার্বি ম্যাচে তাহলে তো আরও বেশি। তবে সবচেয়ে বড় কথা দলের জয়। তবে আমার মতে, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।'

একই সঙ্গে মিয়ামির বিপক্ষে গোল পেয়ে দারুণ খুশি এ ব্রাজিলিয়ান। পারফরম্যান্সের এ ধারা বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি, 'আমার প্রথম গোল পাওয়ায় আমি দারুণ খুশি। এটা দারুণ একটি ম্যাচ ছিল। আমি ভালো একটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। আমি খুব খুশি এবং আশা করছি এ ধারাবাহিকতা বজায় রাখব।'

সতীর্থদের নিয়েও দারুণ খুশি রাফিনহা। দলে উচ্চমান সম্পন্ন খেলোয়াড়দের সঙ্গে খেলা তার জন্য মানিয়ে কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছেন বলে জানালেন এ তারকা, 'বার্সেলোনায় অনেক তরুণ প্রতিভাধর খেলোয়াড় রয়েছে। তারা তাদের নিয়ে দুর্দান্ত কাজ করছে। তার সবসময়ই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।'

কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো খরচ করে রাফিনহাকে কিনে আনে বার্সেলোনা। এছাড়া রবার্ট লেভানদোভস্কি, ফ্র্যাঙ্ক কেসি ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের মতো পরীক্ষিত খেলোয়াড়দেরও এবার দলে টেনেছে ক্লাবটি।