আর্জেন্টিনার হোটেলে এয়ার কন্ডিশনার ছিল অচল, ছিল না পানিও

স্পোর্টস ডেস্ক

ধরুন, কোনো আত্মীয়ের কাছে অতিথি হিসেবে গেছেন। দীর্ঘ ভ্রমণ শেষে পৌঁছানোর পর ক্লান্ত আপনি। প্রয়োজন বিশ্রামের। কিন্তু বাসায় ঢুকে পেলেন না আতিথেয়তা। এমন একটি রুমে আপনাকে বসানো হলো যেখানে ফ্যান নেই। এমনকি তৃষ্ণা মেটানোর জন্য পানিও দেওয়া হলো না। কেমন লাগবে আপনার?

নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন আপনি। সঙ্গে হবেন ক্ষুব্ধ। আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার রদ্রিগো দে পলও হয়েছেন। প্রতিবেশী দেশ চিলিতে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে প্রত্যাশিত সুযোগ-সুবিধা না পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার সকালে কালামায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এরপর নিজ দেশের গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের কাছে অভিযোগের ডালি তুলে ধরেন দে পল। অ্যাতলেতিকো মাদ্রিদের এই ফুটবলার বলেছেন, 'আমি বিশ্বাস করি, বিষয়গুলো অন্যরকম হতে পারত। আমাদের প্রায় তিন ঘন্টা বিমানবন্দরে থাকতে হয়েছে এবং সেসময় আমরা ওয়াশরুমেও যেতে পারিনি। আড়াই ঘন্টা ভ্রমণের পরে আমাদেরকে নিজেদের ব্যাগগুলো বহন করতে হয়েছে।'

Rodrigo de Paul
ছবি: টুইটার

চিলিতে নেমেই যে অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয় আর্জেন্টিনা দলকে, সেটা জারি থাকে তাদের জন্য বরাদ্দ হোটেলেও, 'আমরা যখন হোটেলে পৌঁছাই, তখন রুমগুলোর তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং এয়ার কন্ডিশনার কাজ করছিল না। তাই জানালা খুলতে হয় আমাদের। কিন্তু বাইরে সাইরেনের শব্দ হচ্ছিল। তাই অনেকেই ঘুমাতে পারেনি। সকালে আমাদের কাছে পানিও ছিল না।'

আর্জেন্টিনায় কোনো দল সফরে গেলে তাদের সঙ্গে এমনটা ঘটে না বলে উল্লেখ করেন দে পল, 'এটা ভালো না খারাপ, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি একজন আর্জেন্টাইন হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টিনা জাতীয় দলের একজন প্রতিনিধি হিসেবে বলছি, কোনো জাতীয় দল আমাদের দেশে এলে আমরা তাদেরকে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করি। আর জিততে চেষ্টা করি মাঠে, যেখানে সেটা গুরুত্বপূর্ণ।'

স্কোয়াডে না থাকা লিওনেল মেসির পরিবর্তে অধিনায়কত্ব করা আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেজের লক্ষ্যভেদে চিলির বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে তাদের অর্জন ৩২ পয়েন্ট। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। ইতোমধ্যে দলটি পেয়ে গেছে কাতার বিশ্বকাপের টিকেট।