আর্জেন্টিনায় পৌঁছেই অনুশীলনে মেসি
চোটাক্রান্ত লিওনেল মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখায় আগের দিনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। কিন্তু এসব নিয়ে ভাবার সময় কোথায় মেসির। নিজ দেশে পৌঁছেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন পিএসজির অপর দুই তারকা আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও।
জাতীয় দলে যোগ দেওয়ার আগে মাদ্রিদে বিশেষ চিকিৎসা নিতে গিয়েছিলেন মেসি। এরপর সোমবার সকালেই আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন মেসি। আর বিকেলেই নেমে পড়লেন অনুশীলনে। এদিন অনুশীলনে খুব ভারি কিছু করেননি মেসিরা। চোট থাকায় মূল দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি ও পারাদেস। রানিংয়েই সীমাবদ্ধ ছিল তাদের অনুশীলন।
মেসি ও পারাদেস আলাদা অনুশীলন করলেও দি মারিয়া মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন। যদিও এখনও সব খেলোয়াড়কে পাননি কোচ লিওনেল স্কালোনি। দুপুরের দিকে মাদ্রিদ থেকে আসা অন্য সদস্যরা দলে যোগ দিলেও অনুশীলনে যোগ দেননি।
হাঁটুর চোটে অনেক দিন থেকেই ভুগছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যে কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্রামে থাকাকালীন সময়েই জাতীয় দলের ম্যাচ খেলতে উড়ে যান মেসি। তবে তাতে বেশ অসন্তুষ্ট তার ক্লাব পিএসজি।
ক্লাবটির অসন্তুষ্ট হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। মেসি হাঁটতে এই চোট পেয়েছিলেন জাতীয় দলের হয়েই খেলতে এসে। ভেনেজুয়েলার বিপক্ষে আদ্রিয়ান মার্তিনেজের একটি ট্যাকলে চোট পান তিনি। যে কারণে পিএসজির হয়ে এখনও সেরাটা দিতে পারছেন এ তারকা।
অনুশীলন করলেও উরুগুয়ের বিপক্ষে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির সংবাদ অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে কিছুক্ষণ মাঠে থাকতে পারেন মেসি। তবে ব্রাজিল ম্যাচে শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছে তারা।