ইউনাইটেডের ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়লেন রোনালদো

By স্পোর্টস ডেস্ক

রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রাক-মৌসুমের ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ফিরলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু মাঠে নিজের ছায়া হয়ে থাকলেন ইংলিশ ক্লাবটি ছাড়তে চাওয়া এই পর্তুগিজ তারকা। প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্সের পর তাকে উঠিয়ে নিলেন রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হ্যাগ। এরপর সাইড বেঞ্চে বসে না থেকে ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই স্টেডিয়াম ছেড়ে গেলেন রোনালদো।

প্রাক-মৌসুমে নিজেদের সবশেষ ম্যাচে রোববার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্প্যানিশ ক্লাব রায়োর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড। আমাদ দিয়ালোর লক্ষ্যভেদে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সফরকারীদের সমতায় ফেরান আলভারো গার্সিয়া।

আসন্ন মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আকাঙ্ক্ষায় ইউনাইটেড ছাড়তে চাওয়া রোনালদো দলটির আগের পাঁচটি প্রীতি ম্যাচে অংশ নেননি। সম্প্রতি ম্যানচেস্টারে ফিরলেও অনুশীলনে যোগ দেওয়া থেকে প্রথমে বিরত ছিলেন তিনি। গত শনিবার প্রথমবারের মতো তাকে অনুশীলন করতে দেখা যায়। এরপর রায়োর বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত করেন টেন হ্যাগ। শুরুর একাদশে থাকলেও নিজের সামর্থ্যের ছাপ রাখতে ব্যর্থ হন ৩৭ বছর বয়সী রোনালদো। ফলে বিরতির পর তার জায়গায় নামানো হয় দিয়ালোকে। কিন্তু পুরো ম্যাচ শেষ হওয়া পর্যন্ত স্টেডিয়ামে থাকেননি রোনালদো। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, আগেভাগে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যেতে দেখা গেছে তাকে।

মাঠে থাকা ৪৫ মিনিটে রোনালদো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। ম্যাচের ৩৭তম মিনিটে রায়োর গোলমুখে তিনি একটি শট নিলেও তা লক্ষ্যে থাকেনি। একবার ড্রিবল সম্পন্ন করলেও দুবার বলের পজিশন হারান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে নিজের ইতিবাচক অনুভূতি জানান রোনালদো, 'ফিরতে পেরে ভালো লাগছে।'

উল্লেখ্য, ক্লাব ছাড়ার পরিকল্পনার কথা অনেক আগেই ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন রোনালদো। তবে তার চাওয়া পূরণ হওয়া নিয়ে রয়েছে জোরালো শঙ্কা। খুব কম সংখ্যক ক্লাবের পক্ষেই তার উচ্চ বেতন-ভাতা বহন করা সম্ভব। চেলসি, বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদে রোনালদোর যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও সেসব উড়িয়ে দিয়েছে তারা।