ইউরোপে কারা নিশ্চিত করল বিশ্বকাপ, কারা খেলবে প্লে অফ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ শুরু হতে আর বছর খানেক বাকি। বাছাই পর্বও প্রায় শেষ হওয়ার পথে। এরমধ্যেই এ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে বেশ কিছু দল। ইউরোপিয়ান অঞ্চলে প্রথম রাউন্ডের বাছাই শেষে নিশ্চিত হয়ে গেছে ১০টি দেশ। আর ৩টি স্থানের জন্য লড়াই করবে ১২টি দল।

ইউরোপে প্রথম রাউন্ডের লড়াই শেষে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে এরমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডস।

এ দলগুলোর সঙ্গী হতে বাকি ৩টি স্থানের লড়াই করবে ইতালি, পর্তুগাল, সুইডেন, ওয়েলস, পোল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চেক রিপাবলিক, উত্তর মেসেডনিয়া, অস্ট্রিয়া ও ইউক্রেন। এরমধ্যে অস্ট্রিয়া ও চেক রিপাবলিক জায়গা পেয়েছে ইউরোপিয়ান নেশন্স লিগে ভালো খেলার জন্য।

এবার ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফে বেশ পরিবর্তন আনা হয়েছে। প্রতিবারের মতো হোম-অ্যাওয়ে দুটি ম্যাচে সীমাবদ্ধ থাকছে না। ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে যাবে। প্রতিটা গ্রুপে থাকবে ৪টি করে দল। এরপর ৪টি দলের মধ্যে সেমিফাইনাল-ফাইনালে শেষে চ্যাম্পিয়ন হলে মিলবে বিশ্বকাপের টিকেট।

তবে গ্রুপ পর্বের ফলাফল অনুযায়ী সিডেড ও আনসিডেড দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ক্রম অনুযায়ী পর্তুগাল, স্কটল্যান্ড, ইতালি, রাশিয়া, সুইডেন ও ওয়েলস সিডেড দল। আর তুরস্ক, পোল্যান্ড, উত্তর মেসেডনিয়া, ইউক্রেন, অস্ট্রিয়া ও চেক রিপাবলিক আনসিডেড দল।

সেমি-ফাইনালে সিডেড দলগুলো নিজেদের মধ্যে মুখোমুখি হবে না। লড়বে আনসিডেড দলের বিপক্ষে। এরপর সেমি-ফাইনাল শেষে হবে ফাইনাল। এভাবে তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন দল জায়গা করে নিবে বিশ্বকাপে।

আগামী ২৬ নভেম্বর ড্রয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে তিনটি গ্রুপ। নিশ্চিত হবে কারা মুখোমুখি হচ্ছেন সেমি-ফাইনালে।