উরুগুয়ের বিপক্ষে খেলবেন মেসি?
কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চলছিল আর্জেন্টিনা দলের তৃতীয় অনুশীলন সেশন। সেখানে কোনো সমস্যা ছাড়াই দলের সবার সঙ্গে বেশ সাবলীলভাবে অনুশীলন করে গেলেন পিএসজি তারকা লিওনেল মেসি। তাহলে কী উরুগুয়ের বিপক্ষে একাদশে থাকছেন আর্জেন্টাইন অধিনায়ক?
দুই দিন আগেও যখন আর্জেন্টিনায় পা রাখেন মেসি, তখন আলোচনা ছিল ভিন্ন রকম। উরুগুয়ের বিপক্ষে মেসি খেলছেন না বলেই সংবাদ প্রকাশ করেছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো। তবে শেষ দিনে অনুশীলনে সাবলীল থাকায় উরুগুয়ের বিপক্ষে প্রথম একাদশেই মেসির থাকার বিষয়ে আশাবাদী তারা।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও উরুগুয়ের বিপক্ষে মেসিকে খেলাতে চাইছেন। সেটা বেঞ্চ থেকে খেলাবেন নাকি শুরু থেকে খেলাবেন এ নিয়ে কিছুটা সন্দেহের মধ্যে ছিলেন। তবে শেষ বিকেলের অনুশীলনে আশাবাদী হয়েছেন এ কোচও। তবে ম্যাচে নামার আগে শেষ কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করে মেসির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন এ কোচ। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে মেসির কাছ থেকেই।
অনেক দিন থেকেই বাঁ হাঁটুর চোটে ভুগছেন মেসি। যে কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। এখনও ইনজুরি থেকে শতভাগ ফিট হয়ে ওঠেননি আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্রামে থাকাকালীন সময়েই জাতীয় দলের ডাক পান মেসি। তাতে বেশ ক্ষেপেই ছিল তার ক্লাব পিএসজি।
কিন্তু ক্লাবের কথা তোয়াক্কা না করেই আর্জেন্টিনা শিবিরে যোগ দেন মেসি। এমনকি দলের সঙ্গে যোগ দিয়েই নেমে পড়েন অনুশীলনে। শুরুতে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। এরপর দলের সঙ্গেও অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
এদিকে মেসিকে কিছু সময়ের জন্য পাওয়ার ব্যাপারটি নিশ্চিত হলেও মন্টেভিডিওতে তারা পাচ্ছে না লিয়েন্দ্রো পারাদেসকে। এখনও খেলার মতো শতভাগ ফিট নন তিনি। তবে স্কালোনি আশা করছেন, ব্রাজিলের বিপক্ষে পাওয়া যাবে তাকে।