উরুর ইনজুরিতে পগবা

স্পোর্টস ডেস্ক

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তার উপর আন্তর্জাতিক বিরতি শুরু না হতেই দুঃসংবাদ শুনতে হলো দলটিকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের খেলতে গিয়ে অনুশীলনে ইনজুরিতে পড়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। যে কারণে ফ্রান্স দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

কাজাকিস্তান ও ফিনল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি ম্যাচ খেলতে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন পগবা। সোমবার দলের অনুশীলনেই ডান পায়ের উরুতে চোট পান তিনি। এরপর দলীয় চিকিৎসক ফ্রাংক দি হালের অধীনে পর্যবেক্ষণে রয়েছেন এ মিডফিল্ডার। 

আগামী শনিবার স্তাদে দি ফ্রান্সে কাজাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর মঙ্গলবার হেলসেঙ্কিতে ফিনল্যান্ডের মুখোমুখি হবে দলটি। এ দুটি ম্যাচের জন্য পগবার পরিবর্তনে এএস রোমার মিডফিল্ডার জর্ডান ভেরেটুটকে দলভুক্ত করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

ডান উরুর চোটের কারণে বিশ্বকাপ বাছাই পর্বে পগবার না খেলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, 'ডান উরুর ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুটি ম্যাচে পগবা খেলতে পারছেন না। তার পরিবর্তে এএস রোমার জর্ডান ভেরেটুটকে দলভুক্ত করা হয়েছে।'