একাডেমির ৯ খেলোয়াড় নিয়ে মায়োর্কা যাচ্ছে বার্সেলোনা
এমনিতেই লা লিগায় ধুঁকছে বার্সেলোনা, তার উপর মূল দলের ১০ জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত। তাই বাধ্য হয়েই একাডেমির খেলোয়াড় ডাকতে হয়েছে জাভি হার্নান্দেজকে। 'বি' দলের ৯ জন খেলোয়াড় নিয়ে মায়োর্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা।
আজ রোববার রাতেই লা লিগার ম্যাচে মায়োর্কা মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় হবে ম্যাচটি। এ ম্যাচের জন্য বি দলের নিকো, জুতগ্লা, আলভারো সাঞ্জ, কোমাস, ইলিয়াস, গুইলাম, এস্তানিস, লুকাস দে ভেগা এবং মিকা মার্কল থাকছেন বার্সার স্কোয়াডে।
বরাবরই ক্লাবগুলোর একাডেমিকে প্রাধান্য দিয়ে আসে লা লিগা কর্তৃপক্ষ। যে কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ম্যাচ স্থগিতের জন্য তাদের নিয়মটাও বেশ কঠিন। গোলরক্ষকসহ মূল দলের মাত্র ৫ জন খেলোয়াড় থাকলেই খেলতে হবে ম্যাচ।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে যেখানে মূল দলের কমপক্ষে ১৩ জন খেলোয়াড় সুস্থ থাকলে অনুষ্ঠিত হবে ম্যাচ। যে কারণে এবারের আসরে এখন পর্যন্ত অনেক ম্যাচই পিছিয়ে গিয়েছে। লা লিগার স্কোয়াডে মূল দলের পাঁচ খেলোয়াড়ের সঙ্গে সর্বোচ্চ ১৩ জন একাডেমির খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
লা লিগার নিয়ম অনুযায়ী করা নিয়মিত পিসিআর পরীক্ষার সবশেষটিতে করোনা পজিটিভ হয়েছেন ফিলিপ কৌতিনহো, সার্জিনো দেস্ত ও এজ আব্দে। গত সোমবার পজিটিভ হয়েছিলেন ক্লেমোঁ লংলে ও দানি আলভেস। পরদিন সেই তালিকায় যুক্ত হয় জর্দি আলবা ও আলেহান্দ্রো বালদের নাম। আর বুধবার ওসমান দেম্বেলে, গাভি ও স্যামুয়েল উমতিতির শরীরেও করোনা শনাক্ত হয়। তবে এখান থেকে লংলে ও উমতিতি ফিরেছেন নেগেটিভ হয়ে।
মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার স্কোয়াড: টের স্টেগেন, পিকে, আরাহো, রিকি পুইচ, নেতো, লংলে, লুক ডি ইয়ং, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, মিঙ্গুয়েজা, উমতিতি, এরিক গার্সিয়া, ইনাকি পেনা, নিকো, জুতগ্লা, আলভারো সাঞ্জ, কোমাস, ইলিয়াস, গুইলাম, এস্তানিস, লুকাস দে ভেগা এবং মিকা মার্কল।