এজেন্টের কমিশন বাতিল করলেই দিবালাকে রাখবে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক

এইতো কদিন আগেই কোপা ইতালিয়ার ম্যাচে সাসসুয়োলোর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয়ের দিনে পাওলো দিবালাকে থেকে যাওয়ার আকুতি প্রকাশ করেছে জুভেন্টাস ভক্তরা। চিৎকার করে গাইতে থাকেন, 'দিবালা, আমাদের সঙ্গেই থাকো।'

সমর্থকদের ডাকে তুরিনের ক্লাবটিতে থাকবেন দিবালা?

আসলে থাকতেই চাইছেন এ আর্জেন্টাইন। এর আগে বেশ কয়েকবারই বলেছেন এ কথা। কিন্তু ক্লাব তেমন কোনো আগ্রহ দেখায়নি। যদিও জানুয়ারির ট্রান্সফারকালীন সময়ে তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ওল্ড লেডিরা। কিন্তু ক্রমেই জটিল হয়ে উঠছে জুভেন্টাসে তার চুক্তি নবায়ন।

ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতো জানিয়েছে দিবালাকে ধরে রাখতে একটি নতুন প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। তাতে অক্টোবরে মেনে নেওয়া বেতনই পাবেন দিবালা। তবে মূল ঝামেলাটা হয়েছে তার এজেন্ট জর্জ আন্তুনের কমিশন নিয়ে। কিন্তু এজেন্টকে কোনো কমিশন দিতে রাজী নয় ক্লাবটি। কোনোভাবেই খরচের পরিমাণ বাড়াতে চাইছে না ওল্ড লেডিরা।

ক্লাবের দেওয়া প্রস্তাব তো মেনে নিয়েছেন এ আর্জেন্টাইন। কিন্তু এজেন্ট তার কমিশন ছাড়তে রাজী নন। এ নিয়ে টানাপোড়ন হচ্ছে দুই পক্ষের মধ্যে।

গত অক্টোবরে জুভেন্টাস বার্ষিক ৮ মিলিয়ন ইউরোর সঙ্গে বোনাস হিসেবে আরও ২-৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল জুভেন্টাস। দিবালা তা মেনে নিয়েছেন। তবে তখন অজানা কারণে চুক্তিটি হয়নি। সাম্প্রতিক সময়ে ফের বিষয়টি তুলে আনলেও নতুন চুক্তির জন্য এজেন্ট আন্তুনের কমিশন দিতে চাইছে না জুভেন্টাস। এ কমিশনের পরিমাণ পরিষ্কারভাবেই কেউ প্রকাশ না করলেও অঙ্কটা বেশ বড় বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

চলতি মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে দিবালার। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এ ফরোয়ার্ড। তবে তাকে বিনে পয়সায় না ছাড়তে গত মৌসুমেই তাকে বেচে দিতে চেয়েছিল ক্লাবটি। টটেনহ্যাম থেকে ভালো প্রস্তাবও পেয়েছিল তারা। কিন্তু এ ইংলিশ ক্লাবে যেতে আগ্রহ দেখাননি দিবালা।

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকলেও গত মৌসুমটা ভালো ছিল না দিবালার। গত মৌসুমে ২৬ ম্যাচ খেলে মাত্র পাঁচ বার জালের দেখা পেয়েছিলেন তিনি। এ মৌসুমে ২৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১২টি গোল পেয়েছেন এ আর্জেন্টাইন।