এমবাপের দেওয়া পিএসজিতে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে রিয়ালে চুয়ামেনি

By স্পোর্টস ডেস্ক

অনেক চেষ্টা করেও কিলিয়ান এমবাপেকে দলে টানতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদেরকে বড় ধাক্কা দিয়ে স্বদেশি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন ফ্রান্সের এই স্ট্রাইকার। সম্প্রতি রিয়ালে যোগ দেওয়া আউরেলিয়ান চুয়ামেনিকেও নিজের ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে তার কথায় প্রভাবিত হননি জাতীয় দলের সতীর্থ এই তরুণ মিডফিল্ডার।

গত শনিবার ২২ বছর বয়সী চুয়ামেনিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে স্পেনের সফলতম ক্লাব রিয়াল। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে ছয় বছরের জন্য। মোনাকো থেকে চুয়ামেনিকে দলে টানতে খরচ কত লেগেছে তা খোলাসা করেনি লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ট্রান্সফার ফির অঙ্কটা ৮০ মিলিয়ন ইউরো। বিভিন্ন বোনাস মিলিয়ে সেটা বেড়ে ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে চুয়ামেনিকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। সেখানেই সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন এমবাপের সঙ্গে কদিন আগের কথোপকথনের খুঁটিনাটি, 'পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর কিলিয়ান আমাকে ফোন করেছিল। সে জানত যে আমি নিশ্চিতভাবেই মোনাকো ছাড়তে যাচ্ছি।'

'কিন্তু আমি সঙ্গে সঙ্গে তাকে বলেছিলাম যে আমার পছন্দ হলো রিয়াল মাদ্রিদ। সে আমার সিদ্ধান্ত ভালোভাবে বুঝতে পেরেছিল। আমি তাকে বলেছিলাম যে আমি বিশ্বের সেরা ক্লাবে খেলার সুযোগ পাব এবং আমি প্রতিদ্বন্দ্বিতায় ভয় পাই না। আমাকে নিজের দক্ষতার ছাপ রাখতে হবে এবং আমি সেটা দেখানোর জন্য মুখিয়ে আছি।'

চুয়ামেনিকে চুক্তিবদ্ধ করা রিয়ালের মাঝমাঠের জন্য দারুণ সংযোজন হবে বলে ধারণা করা হচ্ছে। আলো ছড়িয়ে যেতে থাকলেও লুকা মদ্রিচ, টনি ক্রুস ও কাসেমিরোর ক্যারিয়ার শেষের পথে। মদ্রিচের বয়স ৩৬, ক্রুসের ৩২ ও কাসেমিরোর ৩০। তাদের উত্তরসূরিদের একজন হিসেবে দেখা হচ্ছে চুয়ামেনিকে। বাকিরা হলেন আগেই লস ব্লাঙ্কোসদের শিবিরে যোগ দেওয়া ফেদে ভালভার্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

কামাভিঙ্গার পাশাপাশি জাতীয় দলের আরও এক সতীর্থকে রিয়ালে পাচ্ছেন চুয়ামেনি। তিনি ফর্মের তুঙ্গে থাকা করিম বেনজেমা। এই অভিজ্ঞ স্ট্রাইকারও ফোন করেছিলেন চুয়ামেনিকে, 'বেনজেমা বিশ্বের সেরা খেলোয়াড়। রিয়ালের সঙ্গে চুক্তির কথাবার্তা যখন এগোচ্ছিল, তখন তিনি মেসেজে লিখে পাঠিয়েছিলেন যে আমাকে সহায়তা করতে চান এবং এই ক্লাব সম্পর্কে আমাকে ধারণা দিয়েছিলেন। পরে আমরা কথা বলেছিলাম। এটা দারুণ ছিল।'