'এমবাপের রিয়ালে যোগ দেওয়া কেবল সময়ের ব্যাপার'

স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন চলছে অনেক দিন ধরে। সবশেষ গ্রীষ্মকালীন দলবদলেও জল্পনা-কল্পনার পারদ চড়েছিল তুঙ্গে। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড থেকে গেছেন পিএসজিতেই। তাছাড়া, ফরাসি ক্লাবটিও তাকে ছেড়ে দিতে রাজী নয়। তবে এমবাপের জাতীয় দলের সতীর্থ ও রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা এতে হতাশ হওয়ার কিছু দেখছেন না। তিনি মনে করেন, এমবাপে একদিন অবশ্যই রিয়ালের জার্সিতে খেলবেন।

এমবাপের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুম শেষে। ২২ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি নবায়নে অবশ্য আশাবাদী ক্লাবটির কর্মকর্তারা।

এমবাপের রিয়ালে যোগ দেওয়ার বিষয়ে শনিবার ফরাসি গণমাধ্যম লেকিপের কাছে বেনজেমা বলেছেন, 'সে (এমবাপে) নিজেই এটা বলেছে। সে ভিন্ন কিছু দেখতে চায়। একদিন সে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। আমি জানি না সেটা কখন। কিন্তু সে এখানে আসবে। এটা কেবল সময়ের ব্যাপার।'

নিজেদের স্কোয়াডের প্রতিভা ও সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই ৩৩ বছর বয়সী বেনজেমার। রিয়ালের তরুণ ফুটবলারদের সঙ্গে নিজের বিপুল অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে খুব খুশি তিনি, '(রিয়াল মাদ্রিদ) এখনও বিশ্বের সেরা ক্লাবের একটা। আমাদের তরুণ খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করতে হবে যেন তারা একদিন সেরা মানের ফুটবলার হয়ে ওঠে। আমি এখানে তাদেরকে সাহায্য করার জন্য আছি। আমি তাদের সঙ্গে অনেক কথা বলি। আমি তাদের উন্নতি চাই।'

ক্লাবের উদীয়মান সতীর্থদের সাহায্য করে তৃপ্তি পাওয়ার কথাও জানিয়েছেন বেনজেমা, 'যখন আপনি অন্য খেলোয়াড়দের উন্নতিতে অবদান রাখেন, তখন দলেরও অনেক উন্নতি হয় এবং আপনি নিজে অনেক তৃপ্তি লাভ করেন।'

এবারের মৌসুমে দারুণ ছন্দে আছেন বেনজেমা। স্প্যানিশ লা লিগায় গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন তিনি। সাত ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের আরও সাতটি গোলে অবদান রেখেছেন তিনি। এছাড়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ খেলে একবার লক্ষ্যভেদ করেছেন তিনি।