কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি
আইসোলেশনের মেয়াদ সম্পূর্ণ করলেও করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসায় চিলির বিপক্ষে ম্যাচে মাঠে থাকতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। তবে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আগামী ম্যাচে তাকে ডাগআউট পাচ্ছে আর্জেন্টিনা। র্যপিড পিসিআর পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি।
স্কালোনির করোনাভাইরাস থেকে সেরে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের স্বীকৃত অ্যাকাউন্টে স্কালোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'প্রিয় গ্রিঙ্গো, সুস্থ হয়ে আবারও এই অসাধারণ দলটির দায়িত্বে আপনার ফিরে আসাটা দারুণ খবর।'
ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে শিষ্যদের অনুশীলন করিয়েছেন স্কালোনি। আগামী বুধবার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনা মোকাবিলা করবে কলম্বিয়াকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৩০ মিনিটে।
আগের দিন শুক্রবার কালামায় চিলির মুখোমুখি হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু দলের সঙ্গে প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করতে পারেননি স্কালোনি। কারণ, চিলিতে ঢুকতে হলে প্রয়োজন ছিল করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফল। কেবল স্কালোনি নন, প্রাণঘাতী এই ভাইরাস সংশ্লিষ্ট কারণে সহকারী কোচ পাবলো আইমার এবং দুই ফুটবলার আলেক্সিস ম্যাক আলিস্তার ও এমিলিয়ানো বুয়েনদিয়াও যেতে পারেননি চিলিতে।
তবে ডাগআউটে কোচ না থাকলেও জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেজের গোলে তারা ২-১ গোলে হারায় চিলিকে। এই জয়ে কাতার বিশ্বকাপের বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ব্যবধান কমিয়েছে আলবিসেলেস্তেরা।
১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট রয়েছে আর্জেন্টিনার নামের পাশে। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এখন পর্যন্ত কেবল এই দুটি দল পেয়েছে কাতার বিশ্বকাপের টিকেট।