কাতার বিশ্বকাপ: বাংলাদেশেও চাহিদার শীর্ষে আর্জেন্টিনা ম্যাচের টিকিট

ক্রীড়া প্রতিবেদক

মাঠে বসে কাতার বিশ্বকাপ দেখতে টিকিট পাওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে প্রচুর আবেদন পড়েছে। দেশের আগ্রহী ভক্তদের চাহিদার শীর্ষে রয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের টিকিট।

বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদস্য হিসেবে বিশ্বকাপের কিছু সংখ্যক টিকিট পেয়ে থাকে বাফুফে। আবেদনের প্রেক্ষিতে টিকিটপ্রত্যাশীদের কাছে সেগুলো বিক্রি করে থাকে তারা। এদিন বিকাল পাঁচটা পর্যন্ত সুযোগ ছিল টিকিটের জন্য আবেদনের।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সোমবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'ফিফা আমাদের ধারণা দিয়েছে যে আমরা ২০০ থেকে ২৫০টি টিকিট পেতে পারি। তবে চূড়ান্ত সংখ্যাটা জানা যাবে আগামী ১২ মের পর। এখন পর্যন্ত আমরা আবেদন পেয়েছি ৪৪৭টি। যার মধ্যে অধিকাংশই একের অধিক টিকিট চেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্য।'

গত ৩০ এপ্রিল ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিশ্বকাপের টিকিটের জন্য সবশেষ ধাপে আবেদন করেছেন ২ কোটি ৩৫ লাখ ভক্ত। গ্রুপ পর্বের যে চারটি ম্যাচের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে, তার তিনটিই আর্জেন্টিনার। অর্থাৎ বিশ্বজুড়েই লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের ম্যাচের টিকিট নিয়ে চলছে কাড়াকাড়ি।

আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত প্রতিযোগিতার ৯২ বছরের ইতিহাসে জুন-জুলাইয়ের পরিবর্তে এবারই প্রথম এই সময়ে খেলা মাঠে গড়াবে।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আয়োজক কাতারের জনগণ টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন। তাদের পরেই অবস্থান দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের। ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকেও প্রচুর আবেদন জমা পড়েছে।