কাতার বিশ্বকাপ শেষেই পদত্যাগ করবেন ব্রাজিলিয়ান কোচ
চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে কাতার ২০২২ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপ শেষেই নতুন কোচ খুঁজতে হবে ব্রাজিলকে। কারণ ফলাফল যাই হোক, এর পর আর চুক্তি নবায়ন করবেন না কোচ তিতে।
কাতার বিশ্বকাপ শেষে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কি-না এ নিয়ে অবশ্য গুঞ্জনের কমতি ছিল না। নিজেই এবার মুখ খুলেছেন তিতে। স্থানীয় টিভি চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্তই দায়িত্বে থাকছি।'
আর সে কারণেই দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া ব্রাজিলিয়ান কোচ, 'আমার এখানে মিথ্যা বলার কোন কারণ নেই। আমি নতুন করে কিছু জেতার নেই। আমি আমার ক্যারিয়ারের সবই জিতেছি, একমাত্র বিশ্বকাপ ছাড়া।'
২০১৬ কোপা আমেরিকায় ব্যর্থতার পর ডুঙ্গার জায়গায় ব্রাজিল দলের দায়িত্ব নেন তিতে। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে ব্রাজিল। পরের বছর কোপা আমেরিকা জেতে দলটি। তবে এখনও বিশ্বকাপ জেতা হয়নি। অথচ পাঁচ বারের চ্যাম্পিয়নরা ষষ্ঠ শিরোপার জন্য মুখিয়ে রয়েছে।
এবার অবশ্য দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। কোনো ম্যাচ না হেরে এরমধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। ১৫ ম্যাচের ১২টিতে জিতেছে তারা। বাকি ৩টি ড্র। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে হট ফেভারিট তিতের দল।
সবমিলিয়ে তিতের অধীনে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এরমধ্যে জিতেছে ৫১টি ম্যাচে। এছাড়া ড্র করেছে ১৪টিতে এবং হেরেছে মাত্র পাঁচটি ম্যাচ।