কোচিং করানো শিখবেন কিন্তু কোচ হবেন না ক্যাসিয়াস
খেয়ালটা বেশ অদ্ভুত। কোচিং করানো শিখবেন কিন্তু পেশাদার কোচ হওয়ার কোনো ইচ্ছাই নেই ইকার ক্যাসিয়াসের। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ কিংবদন্তি।
মূলত তার সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজের কোচ হওয়ার প্রসঙ্গ উঠতেই বিষয়টি উঠে আসে। অথচ স্পেনের সেরা গোলরক্ষক তো বটেই তর্ক সাপেক্ষে অনেকেই ক্যাসিয়াসকে সর্বকালের সেরাও মানেন। স্বাভাবিকভাবেই তার কাছ থেকে বর্তমান প্রজন্মের তরুণদের শেখার রয়েছে অনেক কিছুই। কিন্তু সে সুযোগ দিচ্ছেন না তিনি।
জাভির মতো তিনিও কোচিং পেশায় আসবেন কি-না জানতে চাইলে সরাসরিই সব সম্ভাবনা নাকচ করে দেন ক্যাসিয়াস, 'আমি কোচ হতে চাই না।'
আর কেন হতে চান না তার ব্যাখ্যাও দিয়েছেন ক্যাসিয়াস, 'আমাকে খুব নরম এবং ভদ্র লোকের মতো মনে হতে পারে, কিন্তু যখন আমি মাঠে যাই তখন আমি কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠি। একজন কোচ হতে হলে আপনার একটি নির্দিষ্ট চরিত্র থাকতে হবে এবং আমার সতীর্থ যারা ছিল তারা এটি সম্পর্কে খুব ভালো করেই জানত।'
তবে কোচ হওয়ার প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এ সাবেক রিয়াল তারকা, 'তবে আমি কোচিং করানোর যোগ্যতা পেতে চাই, কিন্তু তার মানে এমন কিছু নয় যে আমি ভবিষ্যতে (কোচিং করতে চাই)।'
একজন কোচের চরিত্র কেমন হতে হয় তা জাভিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন ক্যাসিয়াস, 'জাভি সবচেয়ে স্পষ্ট উদাহরণ যে একজন কোচ হতে চেয়েছিল। ও যে এখন বার্সেলোনার কোচ এটা আমাকে অবাক করে না। আপনি এরমধ্যেই ওকে আমাদের জাতীয় দলের সফরে দেখতে পেয়েছেন।'
হার্ট অ্যাটাকের কারণে ২০১৯ সাল থকেই মাঠের বাইরে থাকলেও ২০২০ সালের ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে বিদায় নেন ক্যাসিয়াস। বর্তমানে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।