মাঠেই কোচের উপর রাগ ঝাড়লেন রোনালদো
নিজেদের মাঠে খেলা। জিতলে তো কথাই নেই, কোনো মতে ড্র করলেই মিলবে বিশ্বকাপের টিকেট। কিন্তু সেখানে উল্টো হেরেই গেল পর্তুগাল। স্বাভাবিকভাবেই হতাশ ক্রিস্তিয়ানো রোনালদো। আর সে হতাশা ম্যাচশেষে কোচ ফের্নান্দো সান্তোসের উপর ঝেড়েছেন সময়ের অন্যতম সেরা এ তারকা।
রোববার রাতে লিসবনে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের 'এ' গ্রুপের ম্যাচে সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। অথচ ম্যাচের শুরুতেই রেনাতো সানচেজের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। এরপর ৩৩তম মিনিটে দাসুন তাদিচের গোলে সমতায় ফেরে সার্বিয়া। তবে ম্যাচের নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে আলেকজান্দার মিত্রোভিচের গোলে হেরে যায় পর্তুগাল।
সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার মাঠেই হতাশা মুহ্যমান হয়ে পড়েন রোনালদো। এ সময়ে সতীর্থ ও প্রতিপক্ষ দলের বেশ কিছু খেলোয়াড়ই আসেন তার সঙ্গে হাত মেলাতে। আসেন কোচ সান্তোসও। কিন্তু কোচ সামনে আসার পরই হাত নেড়ে উঁচু গলায় কিছু একটা বলেন রোনালদো। অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে তার সঙ্গে হাত মিলিয়ে দুই হাত প্রসারিত করে ক্ষোভ প্রকাশ করেন। সে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।
রোনালদোর এমন আচরণটা অবশ্য খুব অস্বাভাবিকও নয়। শক্তির বিচারে সার্বিয়া তাদের চেয়ে পিছিয়ে। কিন্তু সে দলটির বিপক্ষে আগের দিন কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলে পর্তুগাল। আক্রমণভাগের খেলোয়াড়রা সে অর্থে তেমন বলই পাননি। আগ্রাসী ফুটবল খেললে হয়তো ভিন্ন ফলাফল হতে পারতো।
ম্যাচ শেষে অবশ্য হারের দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন কোচ সান্তোস, 'আমাদের পায়ে খেলাই আমাদের ডিএনএতে রয়েছে, কিন্তু কিছু সমস্যা ছিল। এটা সত্য যে দলে ব্যক্তিত্বের অভাব রয়েছে। বের্নার্দো (সিলভা) বল চেয়েছিল, কিন্তু সে একাই। আমরা ভয় এবং কিছুটা উদ্বেগের সঙ্গে খেলেছি। (হারের) দায় আমার।'
তবে হারলেও যে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন নয়। দ্বিতীয় সুযোগ পাচ্ছে তারা। প্লে অফ খেলতে হবে তাদের। কিন্তু কাজটা যে এতো সহজ না তা রোনালদোর চেয়ে ভালো কে জানে। ২০১৪ বিশ্বকাপে এমন পরিস্থিতিতে সুইডেনের বিপক্ষে পিছিয়ে পড়ে হ্যাটট্রিক করে দলকে উদ্ধার করেছিলেন তিনি।