কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ গালাতাসারাই
নকআউট পর্বের শুরুতেই প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে কঠিন দলই পেয়েছিল বার্সেলোনা। তবে সে বাধা তারা উতরেছে ভালোভাবেই। এবার কোয়ার্টার ফাইনালের ওঠার লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দলটি। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে তারা।
১৭ বছর পর এবার ফের ইউরোপা লিগে খেলতে হচ্ছে বার্সেলোনার। বৃহস্পতিবার রাতে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে জাভি হার্নান্দেজের দল।
আগামী ১০ মার্চ শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে। এক সপ্তাহ পর ১৭ মার্চ অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।
শুক্রবার ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের শেষ ষোলোর ড্রয় অনুষ্ঠিত হয়। সেখানে এ আসরের সবচেয়ে সফল দল সেভিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ঘটনায় এ দুই দেশের ক্লাব তথা জাতীয় দলের কোনো ম্যাচ, আপাতত নিরপেক্ষ কোনো স্থানেই খেলা হবে বলে জানিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
ইউরোপীয় প্রতিযোগিতায় এবার একমাত্র রাশিয়ান দল হিসেবে এখনও টিকে আছে রাশিয়ার স্পার্তাক মস্কো। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগকে। স্বাভাবিকভাবে নিজমাঠে খেলতে পারবে না তারা।
ইউরোপা লিগের শেষ ষোলোর লাইনআপ:
রেঞ্জার্স- রেড স্টার বেলগ্রেড
ব্রাগা-মোনাকো
পোর্তো- লিওঁ
আতালান্তা-বায়ার লেভারকুসেন
সেভিয়া-ওয়েস্টহ্যাম ইউনাইটেড
বার্সেলোনা-গালাতাসারাই
লাইপজিগ-স্পার্তাক মস্কো
রিয়াল বেতিস-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট