ক্যামেরুনে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু
আফ্রিকান কাপ অফ নেশনস (আফকন) প্রতিযোগিতায় স্টেডিয়ামের বাইরে পদদলিত অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আসরের আয়োজক ক্যামেরুন ও কমোরোসের ম্যাচের আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের মৃত্যুর খবর জানিয়েছে। সংস্থাটির প্রাপ্ত ক্যামেরুনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, 'আটটি মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দুইজন নারী, চারজন পুরুষ, এক শিশু এবং একটি মৃতদেহ নিহতের পরিবার নিয়ে গেছে।'
আসরের শেষ ষোলোর ম্যাচে সোমবার রাতে মুখোমুখি হয় ক্যামেরুন ও কমোরোস। হতাহতের খবর না জেনেই দুই দল খেলতে নেমেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সবার নজরে আসে।
Six people are reported to have been killed and dozens hurt in a crush outside a stadium hosting an Africa Cup of Nations match in Cameroon.
— Charles Ayitey (@CharlesAyitey_) January 24, 2022
Video footage showed football fans struggling to get access to the Paul Biya stadium in a neighbourhood of the capital Yaounde. pic.twitter.com/a6WLbFZORj
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের ওলেম্বে স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। করোনাভাইরাসের কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু স্বাগতিক দলের খেলা হওয়ায় স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড় হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৫০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা চালায়। ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
ক্যামেরুনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পদপিষ্ট হওয়াদের তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু রাস্তায় তীব্র যানজটের কারণে সেটা সম্ভব হয়নি। হাসপাতালে কতজন ভর্তি হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি মন্ত্রণালয়ের কাছ থেকে।
আফকনের আয়োজক কমিটির মুখপাত্র অ্যাবেল এমবেঙ্গু এএফপিকে বলেছেন, 'পদদলিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এমন ধরনের ভিড় ছিল সেখানে। আমরা এই মর্মান্তিক ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করছি।'
উল্লেখ্য, কমোরোসকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্যামেরুন। সেখানে তাদের প্রতিপক্ষ গাম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দশটায়।