ক্লাব বিশ্বকাপ ফাইনালের সময়ে গুলিতে নিহত পালমেইরাস ভক্ত

স্পোর্টস ডেস্ক

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগের দিন চেলসির কাছে হেরে গেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ শুনেছে ক্লাবটি। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের এক সমর্থক।

শনিবার রাতে আবু ধাবির মোহামেদ বিন জায়েদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটি বড় পর্দায় দেখতে সাও পাওলোর আলিয়াঞ্জ পার্ক স্টেডিয়ামের পাশে আয়োজন করা হয়। পালমেইরাসের ঘরের ম্যাচগুলো এ মাঠেই অনুষ্ঠিত হয়। তার পাশেই পালেস্ত্রা ইতালিয়া সড়কে এ ঘটনাটি ঘটে।

তখন খেলা গোলশূন্যভাবেই এগিয়ে যাচ্ছিল। তার মাঝেই বাদানুবাদে জড়িয়ে পরে দুই পক্ষ। সেখান থেকেই ঘটনার শুরু। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। তাতেই গুলিবিদ্ধ হন পালমেইরাসের সেই সমর্থক। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে রাস্তায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাও পাওলো পুলিশের তদন্ত কর্মকর্তা সিজার সাদ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়তে হয়। কমপক্ষে ১৫ জন ব্যক্তি আহত হন। একই সঙ্গে গুলি করা দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরেছে পুলিশ। আটক করা হয়েছে আরও অনেককেই।

আগের দিন ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় পালমেইরাস। প্রথমার্ধে সমান তালে লড়াই করা দলটি দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়লেও নয় যেতেই সমতায় ফেরে। তবে অতিরিক্ত সময়য়ে গড়ানো ম্যাচের শেষ দিকে কাই হাভার্টজের পেনাল্টি গোলে হারতে হয় তাদের।