গোলের খোঁজে থাকা লেভানদভস্কির পাশে দাঁড়ালেন জাভি
প্রাক-মৌসুমের তিন ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি রবার্ত লেভানদভস্কি। তবে পোলিশ এই তারকা স্ট্রাইকারের ফর্ম নিয়ে বিচলিত নন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার কোচের দৃষ্টিতে, এটা সাধারণ ব্যাপার।
নানা নাটকীয়তার পর চলমান গ্রীষ্মকালীন দলবদলে ৪৫ মিলিয়ন ইউরো খরচ করে বায়ার্ন মিউনিখ থেকে লেভানদভস্কিকে দলে টেনেছে বার্সা। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। কিন্তু জালের ঠিকানা খুঁজে পাননি সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
রোববার বাংলাদেশ সময় সকালে নিউ ইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে বার্সেলোনা। ওসমান দেম্বেলে ও মেম্ফিস ডিপাই লক্ষ্যভেদ করলেও পারেননি ৭৩ মিনিট মাঠে থাকা লেভানদভস্কি। এর আগে জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল করতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের পর লেভানদভস্কির গোল না পাওয়ার প্রসঙ্গে জাভি বলেন, 'সে অনুশীলনে গোল করছে। গতকালও বল জালে যাচ্ছিল। কিন্তু আজ সেটা হয়নি। তবে এটা সাধারণ ব্যাপার।'
বার্সার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই স্ট্রাইকার ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন কাতালান দলটিতে। কিন্তু লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর শুরুতে ভুগতে হয়েছিল তাকে। গোলের জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন তিনি। একই দশার মধ্য দিয়ে যেতে হয়েছে ম্যানচেস্টার সিটি থেকে গত ডিসেম্বরে ক্যাম্প ন্যুর ক্লাবটিতে যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসকেও।
সুয়ারেজ ও ফেরানের প্রসঙ্গে টেনে জাভি যোগ করেন, 'একই ঘটনা লুইস সুয়ারেজ ও ফেরান তোরেসের সঙ্গেও ঘটেছিল যখন তারা এখানে এসেছিল। লেভানদভস্কি গোল করবে। যদিও কেবল গোল করার চেয়েও সে ম্যাচে অনেক বেশি অবদান রাখে।'