চুপ থাকো এবং রোনালদোর কথা মানো: ইউনাইটেড খেলোয়াড়দের সাহা
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের মানসিকতা এবং বিশেষ করে ক্লাবে ফিরে আসা ক্রিস্তিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে রোনালদোকে উঠিয়ে নেওয়ায় তার আচরণ নিয়েও জেগেছে প্রশ্ন। এমনকি দলের খেলোয়াড়দের মধ্যেও একই পরিস্থিতি বিরাজ করছে। তবে এসব কিছু ভুলে বর্তমান ইউনাইটেড স্কোয়াড নীরব থেকে রোনালদোর কথা মেনে নেওয়ার পরামর্শ দিলেন ক্লাবটির সাবেক তারকা লুইস সাহা।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নিয়েছিলেন কোচ রাংনিক। তখন তারা এগিয়ে ছিল ২-০ গোলের ব্যবধানে। রক্ষণের শক্তি বাড়াতে তাই নিয়মিত অধিনায়ক হ্যারি মাগুইরকে মাঠে নামায় তারা। কিন্তু এ সময়ে তাকে উঠিয়ে নেওয়া ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানান রোনালদো।
তবে সতীর্থদের খেপিয়ে তুলেছেন তার ইনস্টিগ্রাম বার্তায়। নতুন করে যোগ দেওয়ার পর অল্প সময়েই ক্লাবে অনেক অবদান রেখেছেন বলে দাবি করেছেন তিনি। তার মতো অবদান রাখতে ক্লাবের সতীর্থদের মানসিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। যা অনেকেই ভালোভাবে নেননি বলে গুঞ্জন রয়েছে।
এ সকল গুঞ্জন শুনে বেজায় খেপেছেন রোনালদোর সাবেক সতীর্থ সাহা বলেছেন। স্থানীয় সংবাদমাধ্যম গেন্টিং ক্যাসিনোকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো রাখঢাক না রেখে বলেছেন, 'ড্রেসিংরুমে যদি কোনো খেলোয়াড়ের নিজের মনের কথা বলার অধিকার থাকে, তবে সে হল ক্রিস্তিয়ানো রোনালদো।'
বর্তমান খেলোয়াড়দের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন এ সাবেক তারকা, 'এই তরুণ খেলোয়াড়দের অনেকেই এখনো খেলায় নিজেদের ছাপ রাখতে পারেননি। তারা কিছুই প্রমাণ করেনি। তাদের হয়তো কয়েকটি আন্তর্জাতিক ক্যাপ আছে, কিন্তু তারা কী জিতেছে?'
তাই রোনালদোর কথা মেনে নেওয়ার আহবান জানালেন সাহা, 'একজন খেলোয়াড় হিসেবে, আপনি যদি সমালোচনা নিতে না পারেন, সেটা স্বাভাবিক নয়। কারণ ও (রোনালদো) শুধু খেলোয়াড়দের উন্নতি করতে সাহায্য করার কথা বলেছে। ও এখানে থাকাকালীন সময়ে ট্রফি জিততে চায় এবং ও জানে কিভাবে এটা করতে হয়। তাই খেলোয়াড়দের অবশ্যই তার কথা শুনতে হবে। হ্যাঁ, সঠিক কারণেই। এটা নেতিবাচক কিছু নয়।'
সবাইকে চুপ থেকে রোনালদোর মতো নিবেদন দেখাতেও পরামর্শ দিলেন এ সাবেক ফরাসি তারকা, 'তাদের (ইউনাইটেড খেলোয়াড়দের) রোনালদোর কথা শুনতে হবে, অনুশীলনে তার মতো নিবেদিত হতে হবে। তাদের সপ্তাহে সপ্তাহে উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। তাদের আরও নম্র হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং চুপ থাকতে হবে।'