চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কৌশল জানিয়ে দিলেন আনচেলত্তি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোন কৌশল অবলম্বন করবে রিয়াল মাদ্রিদ? প্রতিপক্ষ লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের নিশ্চয়ই সেটা নিয়ে ভীষণ আগ্রহ থাকার কথা। কারণ, তাতে নিজেদের কৌশল সাজাতে সুবিধা হবে অলরেডদের। ক্লপের কাজটা সহজ করে দিলেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানালেন, ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা নির্ধারণী মঞ্চে ৪-৩-৩ ছকে খেলবে তার শিষ্যরা। তবে পরিস্থিতি অনুসারে তাতে আসতে পারে কিছু বদল।
আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের রিয়াল ও ইংল্যান্ডের লিভারপুল। ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়ালের দখলে। লিভারপুলের নামের পাশে রয়েছে ৬ শিরোপা।
ইতোমধ্যে স্প্যানিশ লা লিগার শিরোপা ঘরে তোলা রিয়াল বৃহস্পতিবার রাতে লেভান্তেকে উড়িয়ে দেয় ৬-০ গোলে। ঘরোয়া লিগের শেষ ম্যাচগুলো তাদের জন্য মূলত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য প্রস্তুতির মঞ্চ। শুরুর একাদশে ফিরেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, লুকা মদ্রিচরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস নেন হ্যাটট্রিকের স্বাদ। প্রথমার্ধেই হ্যাটট্রিকের অ্যাসিস্ট পূর্ণ করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মদ্রিচ। একবার লক্ষ্যভেদ করে ফরাসি স্ট্রাইকার বেনজেমা বসে পড়েন রাউল গঞ্জালেজের পাশে। রিয়ালের ইতিহাসে এখন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তারা দুজন।
লেভান্তেকে বিধ্বস্ত করার পর লিভারপুলের বিপক্ষে ফাইনাল নিয়ে মুখ খুলতে হয় আনচেলত্তিকে। তিনি সংবাদ সম্মেলনে ফাঁস করে দেন তাদের খেলার ছক, 'আমরা ৪-৩-৩ ছকে খেলব। কখনও কখনও সেটা ৪-৪-২ ছকে পরিবর্তিত হবে। আমার মনে হয় না নির্দিষ্ট কোনো ছক আছে। মাঝে মাঝে আমাদের প্রতিপক্ষের সেন্ট্রাল মিডফিল্ডারদের ওপর চাপ প্রয়োগ করতে হয়। যেটা আমরা করেছি ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তখন ৪-৩-৩ ছক বদলে আমরা ৪-৪-১-১ ছকে খেলেছিলাম।'
পিএসজি, চেলসি ও ম্যান সিটির বিপক্ষে প্রত্যাবর্তনের স্মরণীয় সব গল্প লিখে এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ধাপে পৌঁছানো রিয়ালের কোচ যোগ করেন, 'আমাদের খেলার কৌশলে তেমন কোনো পরিবর্তন আসবে না। প্রতিপক্ষের আক্রমণ সামলানোর জন্য অথবা তাদের ওপর চাপ প্রয়োগ করার জন্য হয়তো কিছু বদল আসবে।'