চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে মেসিকে পাচ্ছে না পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল পিএসজি। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ফরাসি ক্লাবটির অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।
মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে ম্যাচের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। সেখানে নেই রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির নাম। বিবৃতিতে বলা হয়েছে, 'একটি আঘাতের পর মেসি বাম পায়ের হ্যামস্ট্রিং পেশিতে অস্বস্তি এবং হাঁটুতে ব্যথা অনুভব করছেন।'
গত শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে সবশেষ ম্যাচে পায়ে অস্বস্তি নিয়ে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ভুগতে থাকায় প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। তখনই লাইপজিগের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল।
পচেত্তিনো অবশ্য মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন, 'আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। সতর্কতার অংশ হিসেবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। সে খেলা আর চালিয়ে যেতে পারত না। কিন্তু এটা বড় কোনো ইস্যু না। আগামী ম্যাচে (লাইপজিগের বিপক্ষে) তাকে পাওয়া যাবে।'
কিন্তু শেষ পর্যন্ত মেসির শারীরিক পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। তবে তিনি না থাকলেও সুস্থ হয়ে স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপে। নাক, কান ও গলার সংক্রমণের কারণে লিলের বিপক্ষে ছিলেন না বিশ্বকাপ জয়ী ফরাসি স্ট্রাইকার।
আগামীকাল বুধবার চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে লাইপজিগের আতিথ্য নেবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পিএসজি। তলানিতে থাকা লাইপজিগ পয়েন্টের খাতা খুলতে পারেনি এখনও।