জাভির অগ্রাধিকারের তালিকায় দেম্বেলের চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন ওসমান দেম্বেলে। এই ফরাসি উইঙ্গার এখনও ভুগছেন চোটে। আছেন মাঠের বাইরে। তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী গ্রীষ্মে। অথচ তার কাছ থেকে এই সাড়ে চার বছরে ধারাবাহিকভাবে সেরাটা কখনও পায়নি কাতালানরা। তারপরও দারুণ প্রতিভাবান হওয়ায় দেম্বেলেকে নিয়ে উচ্চাশা পোষণ করেছেন জাভি। তার চুক্তি নবায়ন করাকে প্রাধান্য দিচ্ছেন সদ্য বার্সার কোচের দায়িত্ব নেওয়া সাবেক এই তারকা ফুটবলার।

গত শনিবার বার্সেলোনার কোচ হিসেবে জাভির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বার্সেলোনা। অবশ্য তা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। কারণ আল-সাদ জানিয়ে দিয়েছিল যে জাভিকে তারা ছেড়ে দিতে সম্মত হয়েছে। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কাতারের এই ক্লাবটিতেই ২০১৯ সাল থেকে কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।

আগের দিন সোমবার জাভিকে নতুন কোচ হিসেবে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেয় বার্সা। সংবাদ সম্মেলনে দেম্বেলের চুক্তি নবায়ন নিয়ে কোনো দ্বিধা না থাকার কথা জানান তিনি, 'এটা আমার কাছে খুবই স্পষ্ট যে, দেম্বেলেকে অবশ্যই বার্সার হয়ে খেলা চালিয়ে হবে।'

'উইঙ্গার হিসেবে তার পজিশনে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে। সেটা অর্জন করতে আমাদের তাকে সাহায্য করতে হবে। সে এমন একজন খেলোয়াড় যে কিনা বার্সেলোনার হয়ে পার্থক্য গড়ে দিতে পারে। তার চুক্তি নবায়ন আমার অগ্রাধিকারের তালিকায় রয়েছে।'

২০১৭ সালে ক্যাম্প ন্যুতে পাড়ি জমানোর পর বহুবার চোটে ছিটকে গেছেন ২৪ বছর বয়সী দেম্বেলে। সবমিলিয়ে এখন পর্যন্ত মাত্র ১১৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত জুনে সবশেষ ইউরোতে জাতীয় দল ফ্রান্সের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান তিনি। এরপর করাতে হয় অস্ত্রোপচার। ফলে লম্বা সময় খেলার বাইরে থাকতে হয় তাকে। চোট কাটিয়ে তিনি অনুশীলনে ফেরেন গত মাসে। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে একটি ম্যাচ খেলে ফের ছিটকে গেছেন। বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।