জেনেশুনেই চোটাক্রান্ত রামোসকে দলে টেনেছে পিএসজি, তবে...
চলতি মৌসুমের শুরুতেই পিএসজিতে যোগ দিয়েছেন সের্জিও রামোস। তবে তাকে মাঠে পেতে ক্লাবটির অপেক্ষা করতে হয়েছে পাঁচ মাসেরও বেশি। চোটাক্রান্ত থাকায় তাকে পেতে দেরি হবে তা জানতো ক্লাবটি। তবে এতোটা সময় লাগবে তা ভাবতেও পারেনি তারা। এমনটাই বলেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
সম্প্রতি ইউরোপ ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ স্পোর্টিং ডিরেক্টর রামোস প্রসঙ্গে বলেছেন, 'আমরা চার বা পাঁচ মাস রামোস ছাড়া থাকার আশা করিনি। আমরা জানতাম যে গত মৌসুমে তার ইনজুরি যে ছিল তা আমাদের পরিচালনা করতে হবে। কিন্তু এটা সত্য যে আমরা কিছু চমক পেয়েছি।'
তবে মৌসুমের বাকি সময়ে রামোস দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করেন এ ব্রাজিলিয়ান, 'কিছু টেনশন ছিল, কিন্তু আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং তারপরে পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন সে সঠিক পথে রয়েছে। মৌসুমের দ্বিতীয়ার্ধে তাকে আমাদের সঙ্গে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে।'
গত নভেম্বরের শেষে পিএসজির জার্সিতে অপেক্ষার প্রহর ফুঁড়ায় রামোসের। সেঁইত এতিয়েনের বিপক্ষে মাঠে নামেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক। এর সপ্তাহ দুই আগে ফেরেন অনুশীলনে। সবমিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
অথচ এর কিছুদিন আগেও বিরাট ধাক্কার মতো একটি সংবাদ প্রকাশ পেয়েছিল ফরাসি সংবাদমাধ্যমে। ইনজুরির ছোবল থেকে বের হয়ে না আসতে পারায় রামোসের সঙ্গে পিএসজি চুক্তি বাতিল করতে যাচ্ছে বলেই সিদ্ধান্ত নিতে চেয়েছিল দলটি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে মৌসুমের শুরুতে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়েছিলেন রামোস। তখন থেকেই ইনজুরি যেন পিছুই ছাড়ছিল না এই বর্ষীয়ান ডিফেন্ডারের। রিয়ালের সবশেষ ৫ মে মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। স্পেনের হয়েও একই কারণে খেলা হয়নি তার।