জোড়া গোলে জেনিতকে উড়িয়ে চেলসিকে হুমকি দিবালার

স্পোর্টস ডেস্ক

সিরিআয় প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে যেন উড়ছে জুভেন্টাস। এবার জেনিত সেইন্ট পিটার্সবার্গকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি। আর দলের দারুণ এ জয়ে জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ম্যাচসেরার পুরষ্কারও মিলেছে তার। সে ধারায় এবার লন্ডন জয়ের প্রত্যয়ও ঝরে এ তারকার কণ্ঠে।

অথচ গত মৌসুমটা বেশ বিবর্ণই কেটেছে দিবালার। ছন্দ হারিয়ে একাদশেও জায়গা হারিয়েছিলেন তিনি। তবে কোচ বদলের সঙ্গেই যেন বদলে যান তিনি। মাসসিমিলিয়ানো আলেগ্রির অধীনে ফের জ্বলে উঠেছেন এ আর্জেন্টাইন।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে জেনিতকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। দিবালার জোড়া গোলের সঙ্গে গোল পেয়েছেন ফেদেরিকো কেইসা ও আলভারো মোরাতা। জেনিতের হয়ে গোল করেছেন সরদার আজমাউন। অপর গোলটি আসে আত্মঘাতী থেকে। 

এ জয়ে চেলসির চেয়ে পরিষ্কার ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে জুভেন্টাস। আগের দিন মালমোর বিপক্ষে জয় পেয়েছে চেলসিও। তবে 'এইচ' গ্রুপের শীর্ষে কারা থাকবে তা নির্ধারিত হবে পরের ম্যাচেই। চেলসির ঘরের মাঠেই হবে ফয়সালা। এর আগে নিজেদের মাঠে লন্ডনের ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস।

ম্যাচ শেষে স্পোর্তমিডিয়াসেটকে দিবালা বলেছেন, 'আমরা দলগতভাবে দারুণ খেলছি এবং আমরা প্রত্যাশিত ফলাফল পেয়েছি। আমরা প্রথম লক্ষ্য পূরণ করেছি। এখন আমাদের লন্ডন যাবো প্রথম স্থান অক্ষুণ্ণ রাখার জন্য।'

আগের দিন প্রথম গোল করে কিংবদন্তি মিশেল প্লাতিনির অনুকরণে উদযাপন করেছেন দিবালা। এর কারণও জানিয়েছেন তিনি, 'প্লাতিনি আমার এবং ফুটবলে আইডল। আমার বিশ্বাস সে এটা দেখছে। এই উদযাপনটা ইন্টারের সঙ্গে তার গোল ট্যালিতে সমান হওয়ার পরই করতে চেয়েছিলেন। ম্যাচের পরিস্থিতিতে হয়ে ওঠেনি।'

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন দিবালা। তাতে ৬টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন এ তারকা।