টটেনহ্যামের নতুন কোচ কন্তে
সত্য হয়েছে গুঞ্জন। আন্তোনিও কন্তেকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টটেনহ্যাম হটস্পার। আগামী ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত দায়িত্ব পেয়েছেন তিনি। তার মেয়াদ আরও বাড়ানোর শর্তও রাখা হয়েছে চুক্তিতে।
মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে টটেনহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সাবেক কোচ নুনো এসপিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হয়েছেন কন্তে।
জুভেন্টাসের হয়ে বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর কোচিংয়ে মনোনিবেশ করেন ইতালির সাবেক মিডফিল্ডার কন্তে। সবশেষ তিনি ছিলেন স্বদেশি ক্লাব ইন্টার মিলানের কোচের দায়িত্বে। তার অধীনে গত ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান সিরি আতে চ্যাম্পিয়ন হয় ইন্টার।
তবে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার পরও মৌসুম শেষে সরে দাঁড়ান কন্তে। তখন ইন্টারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম কারণ হিসেবে উল্লেখ করেছিল বোর্ডের সঙ্গে তার মতানৈক্যকে।
টটেনহ্যামের কোচ হয়ে কন্তে বলেছেন, 'কোচিংয়ে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। বিশেষ করে, প্রিমিয়ার লিগের একটি ক্লাবের হয়ে যাদের আবার সেরা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।'
উল্লেখ্য, মাত্র ১৭ ম্যাচ দায়িত্বে থাকার পর বরখাস্ত হয়েছেন সান্তো। তার অধীনে সবশেষ ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হারে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে দলটি আছে পয়েন্ট তালিকার নয় নম্বরে। ১০ ম্যাচের তাদের অর্জন মাত্র ১৫ পয়েন্ট।