দিবালার প্রতি জুভেন্টাস ভক্তদের আকুতি, 'আমাদের সঙ্গেই থাকো'
মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। নতুন চুক্তির কোনো আভাস নেই। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে হয়তো নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে তাকে। কিন্তু জুভেন্টাস ভক্তরা তাদের প্রিয় তারকাকে ছাড়তে চাইছেন না। তাই ম্যাচের মাঝেই সূর তুলে তাকে থাকার আকুতি প্রকাশ করেছেন সমর্থকরা।
বৃহস্পতিবার রাতে তুরিনোর অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ম্যাচে সাসসুয়োলোর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে জুভেন্টাস। ম্যাচের ৮৮তম মিনিটে আত্মঘাতী গোলে জয় পায় স্বাগতিকরা। তবে ম্যাচের তৃতীয় মিনিটেই ওল্ড লেডিদের এগিয়ে দিয়েছিলেন দিবালা।
জুভেন্টাস সমর্থকরা খুব কমই বিশেষভাবে একজন খেলোয়াড়ের জন্য আওয়াজ তোলে। কিন্তু গতকাল রাতে সমর্থকরা অবস্থান পরিষ্কার করে দিয়েছে। গোল উদযাপনের সময় সমর্থক চিৎকার করে গাইতে থাকে, 'দিবালা, আমাদের সঙ্গেই থাকো।'
দিবালা অবশ্য এর আগে জুভেন্টাসে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ক্লাব থেকে তখন তেমন কোনো আগ্রহ দেখায়নি। যদিও জানুয়ারির ট্রান্সফার কালীন সময়ে তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ওল্ড লেডিরা। কিন্তু আলোচনা থেমে যায় তখনই। নতুন চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
জানা গেছে, ক্লাব থেকে দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিবালা। বাৎসরিক ১০ মিলিয়ন ইউরোর বেশি বেতন দিতে রাজী নয় জুভেন্টাস। ফলে এই গ্রীষ্মে একজন ফ্রি এজেন্ট হতে পারেন দিবালা। আর তাকে পেতে মুখিয়ে আছে লিভারপুল, ইন্টার মিলান, টটেনহ্যাম হটস্পার এবং পিএসজির মতো ক্লাবগুলো।
চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকলেও গত মৌসুমটা ভালো ছিল না দিবালার। গত মৌসুমে ২৬ ম্যাচ খেলে মাত্র পাঁচ বার জালের দেখা পেয়েছিলেন তিনি। এ মৌসুমে ২৪ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১১টি গোল পেয়েছেন এ আর্জেন্টাইন।