নিষিদ্ধ বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা, সঙ্গে জরিমানা ৫ লাখ টাকা
চলতি ফেডারেশন কাপে অংশগ্রহণ করেনি বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। দলদুটির বিপক্ষে বেশ কঠিন পদক্ষেপই নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি আসর তো বটেই পরবর্তী আসর থেকে ক্লাব দুটিতে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্লাব দুটিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছেও দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাফুফে। বিবৃতিতে তারা জানিয়েছে বাফুফে ডিসিপ্লিনারী কোডের ধারা ৩১ এবং 'বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২১' উপলক্ষে প্রণীত রেগুলেশন্সের ধারা ১৯.৩ অনুযায়ী সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তসমূহ নেওয়া হয়।
গত ২৫ ডিসেম্বর স্বাধীনতা সংঘের সঙ্গে বসুন্ধরা কিংসের এবং আবাহনী লিমিটেডের সঙ্গে উত্তর বারিধারা ক্লাবের মধ্যকার ম্যাচ ছিল। সে ম্যাচে অংশ নেয়নি বসুন্ধরা ও বারিধারা। যে কারণে স্বাধীনতা সংঘ ও আবাহনী লিমিটেড ঢাকাকে ৩-০ গোলের বিজয়ী ঘোষণা করা হয়।
দুটি কারণ দেখিয়ে এবারের ফেডারেশন কাপে অংশ নেয়নি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। হঠাৎ করেই ফেডারেশন কাপের চূড়ান্ত সূচিতে কিছু পরিবর্তন করে বাফুফে। এই বিষয়টিতে অপেশাদারিত্বের মনোভাব উল্লেখ করে তারা। এছাড়া বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম পেশাদার পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা চালানোর জন্য যথেষ্ট যোগ্য নয় বলেও উল্লেখ করে তারা।
খসড়া সূচি অনুযায়ী, গ্রুপ 'এ'র দলগুলো কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি দলের বিপক্ষে খেলে। কিন্তু বাফুফের নতুন সূচিতে 'এ' গ্রুপের দলগুলো মোকাবেলা করবে 'বি' গ্রুপের দলগুলোর বিপক্ষে। আর গ্রুপ 'সি'র দলগুলো কোয়ার্টার ফাইনালে গ্রুপ 'ডি'র দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দ্বিতীয় দিনে আসেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তিনটি দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাফুফে। বসুন্ধরা কোনো জবাব দেয়নি। বারিধারা চোটের ভয়ে কমলাপুরে না খেলার কথা জানিয়েছে। এই জবাব গ্রহণযোগ্য মনে করেনি ফেডারেশন। মুক্তিযোদ্ধার উত্তর পাওয়ার শেষ সময় আজ সন্ধ্যা। তবে ধারণা করা হচ্ছে তাদের ভাগ্যেই একই পরিণতি অপেক্ষা করছে।