পচেত্তিনোকে ছাড়া মেসি পিএসজিতে আরও ভালো করবে: দি মারিয়া

স্পোর্টস ডেস্ক

ফুটবল পাড়ায় জোর গুঞ্জন নতুন মৌসুমে নতুন কোচের অধীনে খেলবে পিএসজি। মাউরিসিও পচেত্তিনোকে বিদায় জানাবে ক্লাবটি। নতুন কোচের সন্ধানে রয়েছে তারা। আর এমনটা হলে লিওনেল মেসির জন্য আরও ভালো হবে বলে মনে করেন তার সতীর্থ আনহেল দি মারিয়া।

চলতি মৌসুমের শুরুতে অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। তার প্রভাব দেখা গিয়েছে মৌসুম জুড়ে। ফ্রান্সে সে অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। তবে মৌসুম যতো এগিয়েছে ততো সাবলীল হয়েছেন এ আর্জেন্টাইন। আগামী মৌসুমে এর ধারা অব্যাহত থাকবে বলেই মনে করেন দি মারিয়া।

তবে স্বদেশী কোচ পচেত্তিনো চলে গেলে কেমন হবে পিএসজির পরিস্থিতি? গত মৌসুমে মেসিকে যে তিনি ঠিকভাবে ব্যবহার করতে পারেননি তা স্পষ্ট। কারণ ক্লাব ও জাতীয় দলে তার পারফরম্যান্স অনেকটা রাত-দিনের মতোই পার্থক্য। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছেন একই কথা।  

নতুন কোনো কোচ দলটিতে এলে তিনি মেসিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন বলেই মনে করেন দি মারিয়া। ফলে মেসি আগামী মৌসুমে আরও ভালো করবেন বলে প্রত্যাশা করছেন তিনি, 'দেখে মনে হচ্ছে তারা চায় যেন (পচেত্তিনোও) চলে যায়। এমনটা হলে খুব বড় পরিবর্তন হবে, কিন্তু আমি মনে করি মেসি এটা পরিচালনা করতে পারবে। এটা তাকে পরের মৌসুমে আরও ভালো হতে সাহায্য করবে।'

আর কেন করবেন তার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন দি মারিয়া। মৌসুমের শেষ দিকে মেসির পারফরম্যান্সের কথা উল্লেখ করে বলেন, 'আমি মনে করি সে খুব ভালো শুরু করবে। কারণ সে শেষ পর্যন্ত গোলে অবদান রেখেছে, অ্যাসিস্ট করেছে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং (গত মৌসুমের শেষের দিকে) আরও বেশি করে মানিয়ে নিয়েছে।'

এদিকে আগামী মৌসুমে নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন এ আর্জেন্টাইন। তার মতো আরও অনেকেই ক্লাব ছাড়বেন বলে জানান তিনি, 'আরও কিছু খেলোয়াড় আছে যারা অবশ্যই চলে যাবে। আমারটা সবচেয়ে সহজ ছিল কারণ আমার সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে না। একদিকে কষ্টদায়ক, আবার অন্যদিকে নয়।'

তবে ক্লাবের সঙ্গে বিদায়টা সুখকর হয়েছে বলে মনে করেন এ তারকা, 'আমি একটি খুব বিশেষ উপায়ে ছেড়ে আসছি। এটি একটি অবিস্মরণীয় রাত ছিল, ভিন্ন একটি দেশে একজন আর্জেন্টাইন হিসেবে যে বিদায়ী অভ্যর্থনা পেয়েছি, তা সবাই পায় না। পিএসজি ভক্তদের আবেগ ভালো বাসা অর্জন, গোলের সঙ্গে থাকা, এই অর্জনগুলো পাওয়া অনেক কঠিন। আমি যখন বাইরে যাই, তারা আমার জন্য গান করে এবং আমার জন্য ম্যুরাল তৈরি করে এইগুলি আমার স্মৃতিতে থাকবে।'